‘পারস্য পরবাসে’ নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হুমায়ুন কবিরের লেখা নতুন উপন্যাস ‘পারস্য পরবাসে’ নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়েছে।
সোমবার জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
অতিথি অলোচক ছিলেন সাহিত্যিক আনিসুল হক, ‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাত, প্রাবন্ধিক হাসান ফেরদৌস ও প্রাবন্ধিক আহমাদ মাযহার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বটি সঞ্চালনা করেন সাপ্তাহিক বাঙালী’র সম্পাদক কৌশিক আহমেদ।
লেখক শাহাব আহমেদ শুরুতেই বইটি নিয়ে তার বিশ্লেষণাত্মক আলোচনা তুলে ধরেন। এর পরে স্বাগত বক্তব্য দেন ‘ঘুংঘুর’ লিটল ম্যাগাজিনের সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য কবি ফকির ইলিয়াস।
ফকির ইলিয়াস কবি অজিত দত্তের ‘নবজাতক’ কবিতাটি পাঠ করে বলেন, “যুদ্ধ এবং প্রেম নিয়েই যে জীবন-সেই জীবনের উপাখ্যান লেখক এই গ্রন্থে তুলে ধরতে চেয়েছেন। জীবন থেমে থাকে না। ইরান বিপ্লবের পটভূমিতে লেখা এই উপন্যাসটি পাঠকের ভালো লাগবে।”
কবি ফকির ইলিয়াস গ্রন্থটি প্রকাশের জন্য সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর পাঠ প্রতিক্রিয়া জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, নাট্যজন মুজিব বিন হক ও কবি সালেম সুলেরী। লেখক হুমায়ুন কবির এই গ্রন্থটি লেখার প্রেক্ষাপট বর্ণনা করেন তার বক্তব্যে।
তিনি বলেন, “আমি যুদ্ধময় ইরান দেখেছি। দেখেছি মানুষের আহাজারি। দেখেছি প্রেম কীভাবে ফুটে থাকে গোলাপে গোলাপে। এরই বর্ণনা দিয়েছি আমার মতো করে।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি ছিল মূল আলোচনার। এই পর্ব উপস্থাপনা করেন সময় প্রকাশনের কর্ণধার ফরিদ আহমেদ।
লেখক কবি আবুল হাসনাত বলেন, “এই গ্রন্থে জীবনধর্মী বিবরণ আছে। মর্মযাতনার কথা আছে। আছে কীভাবে পর্দার নামে নারীদের বন্দী করে রাখার বিপ্লব হয়েছিল ইরানে। এই লেখক যুদ্ধমাঠে চিকিৎসা দিয়েছেন। তার অভিজ্ঞতা আমাদের শাণিত করে। লেখার ভাষা ঝরঝরে।”
প্রাবন্ধিক হাসান ফেরদৌস বলেন, “আমি এই বইটিকে বলবো ট্র্যাভেল ফিকশন। উপন্যাস আর ভ্রমণকাহিনী চলেছে সমান্তরালভাবে। একটি দেশকে জানতে হলে সেই দেশের মানুষকে জানতে হয়। এটাই সাহিত্যের মূল উপাদান। লেখক এই গ্রন্থে জীবনকে খুঁজেছেন। মানুষকে খুঁজেছেন। তিনি খুঁজেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধকে।”
এই বইয়ে প্রেমের গল্পটি শিল্পসম্মতভাবেই অনাবৃত হয়েছে বলে মত প্রকাশ করেন হাসান ফেরদৌস।
লেখক আনিসুল হক বলেন, “এটি একটি ভালো বই। যে বই পাঠককে কাঁদায়, তাকে ভালো বই না বলে উপায় থাকে না। আমার বইটি পড়ে মনে হয়েছে, কাহিনীগুলো বানানো নয়। এটাই একটি উপন্যাসের অন্যতম স্বার্থকতা।”
লেখিকা আনোয়ারা সৈয়দ হক বলেন, “একজন চিকিৎসকের মানবিক প্রেম নিয়েই এই বই। তার হাত দিয়ে আমি আরও উজ্জ্বল সাহিত্য আশা করছি।”
প্রধান আলোচক ও অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “বইটি আমাকে টেনেছে। আমি বইটিকে ‘অসাধারণ’ বলবো না। তবে এটি একটি জীবনবাদী ভালো বই। কাহিনীগুলো জ্যান্ত। আর এটাই লেখকের মূল শক্তি।”
ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন লেখক আবু রায়হান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
