২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিউল দূতাবাসে মতবিনিময় সভা

ইপিএসের মাধ্যমে কোরিয়ায় বাংলাদেশের কর্মী আগমনের ১০ বছর পূর্তিতে দক্ষিণ কোরিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 12:10 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

শনিবার সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোরিয়ায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জাহিদুল ইসলাম ভূঞা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় কোরিয়ায় অবস্থিত বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইপিএসভিত্তিক সামাজিক সংগঠন- ইপিএস বাংলা, ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েল ফেয়ার অরগানাইজেশন, ইপিএস কোরিয়া বাংলা কমিউনিটির নেতারা, সাধারণ ইপিএস কর্মীরা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং কমিউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দূতাবাসের প্রথম সচিব(শ্রম) ইপিএসকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার ও দূতাবাসের বিভিন্ন কার্যক্রম বর্ণনার পাশাপাশি এর উন্নয়নে সকলের ভূমিকার উপর আলোকপাত করে একটি সুপারিশমালা উপস্থাপন করেন। এ সময় ইপিএস কর্মীরা তাদের বিভিন্ন সমস্যা উল্লেখ করে সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু প্রস্তাব রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

রাষ্ট্রদূত বক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপস্থাপিত প্রস্তাবগুলো উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনাপূর্বক সমাধানের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি সকলকে কোরিয়ার আইন-কানুন, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ইত্যাদির প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশের আরও অধিক সংখ্যক কর্মী আগমনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবশেষে উপস্থিত সকলকে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!