২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘বঙ্গবন্ধু ভবন’ প্রতিষ্ঠার দাবি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘বঙ্গবন্ধু ভবন’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2018, 12:21 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

বুধবার নতুন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাকে স্বাগত জানানোর সময় এ দাবি জানায় যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম।

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ ও সেক্রেটারি রেজাউল বারির নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, লাবলু আনসার, আবুল বাশার চুন্নু এবং এনামুল হক।

১৫তম কনসাল জেনারেল হিসেবে গত ১ জুন যোগ দিয়েছেন সাদিয়া ফয়জুন্নেসা। তিনি এই কনস্যুলেট জেনারেলে প্রথম নারী কনসাল জেনারেল।

সাদিয়া ফয়জুন্নেসাকে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে জানানো হয়, গত সাত বছর যাবত একটি বাড়ি খোঁজা হচ্ছে এবং সেটি হবে বাংলাদেশের স্থায়ী কনস্যুলেট জেনারেলের অফিস। সেই ভবনই হবে ‘বঙ্গবন্ধু ভবন’, যেখানে থাকবে কমিউনিটি সেন্টার, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র-লাইব্রেরি, সোনালী এক্সচেঞ্জ, বিমান অফিসসহ প্রবাসীদের প্রয়োজনীয় অফিস। থাকবে মিডিয়া সেন্টার।

এ প্রস্তাবে সাদিয়া সহমত জ্ঞাপন করেন ও সে লক্ষ্যে তারা কাজ করবেন বলে জানান।

এ সময় ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম বলেন, “এমন একটি জায়গায় আমরা স্থায়ী অফিস স্থাপন করতে চাই, যেখানে যোগাযোগ ব্যবস্থা সহজ থাকবে। তেমন স্থানে মাঝে মধ্যে খুঁজে পেলেও ঢাকা কর্তৃপক্ষের সাথে আনুষ্ঠানিকতা করার মধ্যেই সেই বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। এমন ঘটনা বেশ ক’বার ঘটেছে। আমাদের আন্তরিকতায় কোন ঘাটতি নেই।”

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক আগ্রহ রয়েছে এবং আমরা সে অনুযায়ী চেষ্টা করছি। বাংলাদেশ সমুদ্র বিজয়ের পর মহাকাশও বিজয় করলো। সুতরাং বিশ্বের রাজধানী এই নিউ ইয়র্কে বঙ্গবন্ধু ভবনের প্রত্যাশা অবশ্যই পূরণ করা হবে।”

মুক্তিযোদ্ধাদের জন্যে বিজয় দিবস ও বৈশাখী উৎসব ভাতা প্রবর্তনের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রবাসী এই মুক্তিযোদ্ধারা। এ অভিনন্দন বার্তা তাঁদেরকে পৌছে দেওয়ার অনুরোধ জানানো হয় কনসাল জেনারেলকে। 

মুক্তিযোদ্ধাদের সাথে এ শুভেচ্ছা বিনিময়ের সময় কনস্যুলেটের হেড অব চ্যান্সেরি চৌধুরী সুলতানা পারভিনও সেখানে উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!