যুবদল নেতা টুকুর মুক্তি দাবি যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভা থেকে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর মুক্তি দাবি করা হয়েছে।
সোমবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইত্যাদি পার্টি সেন্টারে ইফতার উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেন রাজু ও পরিচালনা করেন বিএনপি নেতা খলকুর রহমান।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টুকুকে বাসা তুলে নিয়ে গেছে। এভাবেই বাংলাদেশকে একটি সন্ত্রস্ত জনপদে পরিণত করা হয়েছে। এ থেকে পরিত্রাণের জন্যে দুর্বার আন্দোলনের বিকল্প নেই।”
“জোর করে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারকে জোর করেই সরাতে হবে। জেল-জুলুম-নির্যাতনকে ভয় করলে চলবে না।” বলে উল্লেখ করেন সমাবেশের বিশেষ অতিথি জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক হেলাল খান।
ছবি-শাহজাহান শেখ
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে- এমন মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান ভূইয়া বলেন, “কেয়ারটেকার সরকারের দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই। প্রবাসীরা অপেক্ষায় রয়েছি আন্দোলনের সুনির্দিষ্ট আহ্বানের।”
তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা পারভেজ সাজ্জাদ তিন স্তরে আন্দোলনের রূপরেখা উপস্থাপন করেন- পরীক্ষিত নেতাদের সমন্বয়ে আন্দোলন কমিটি, সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের পরামর্শ ও সমন্বয় ঘটানো এবং আন্তর্জাতিক জনমত জোরদারে লবিং ফার্ম নিয়োগ।
ছবি-শাহজাহান শেখ
অনুষ্ঠানে আগতদের কৃতজ্ঞতা জানিয়েছেন এ সমাবেশের আহ্বায়ক এমরান শাহ রণ।
এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুল মাওলা নান্নু, মশিউর রহমান, কমিউনিটি বোর্ড মেম্বার শাহজাহান শেখ, হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, শুয়েব আহমেদ ও সৈয়দা মাহমুদা শিরিন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
