২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে জমে উঠেছে ঈদের বাজার

আর কয়েকদিন পরই মুসলমানদের উৎসব ঈদুল ফিতর। বাংলাদেশের মতো সিডনির বিভিন্ন শপিংমলগুলোও প্রবাসী ক্রেতাদের পদচারণায় এখন মুখরিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 04:34 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

পরিবারের ছোট-বড় সবার জন্য পছন্দসই ঈদের জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠছে এখানকার প্রবাসী বাংলাদেশিরা। নারী-পুরুষের নতুন নতুন ডিজাইনের পোশাক উঠেছে বিভিন্ন দোকানগুলোতে।

ঈদ উপলক্ষে নারীদের পছন্দে যেমন রয়েছে বিভিন্ন ধরণের সিল্কের কাজ করা শাড়ি, লেহাঙ্গা তেমনি পুরুষদের জন্য রয়েছে পায়জামা, পাঞ্জাবি, শেরওয়ানি এবং শিশুদের জন্য রয়েছে নানা ধরনের কাজ করা পায়জামা ও পাঞ্জাবি।

সিডনির বাঙালি অধ্যুষিত এলাকা লিভারপুলের জর্জ স্ট্রিট ও ল্যাকাম্বার হেলডন স্ট্রিটে রমজান মাসের প্রথম থেকেই ঈদের বেচাকেনা শুরু হয়েছে। এখানে না এলে বাংলাদেশির ঈদ কেনাকাটা যেন অসমাপ্ত রয়ে যায়। উইকেন্ডে দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে।

ল্যাকাম্বায় কেনাকাটা করতে আসা কয়েকজন প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা যায়,  তরুণীদের পোশাকের মধ্যে রয়েছে লং কামিজ, লং গাউন, সারারা, লেহেঙ্গা ও আরও বিভিন্ন ডিজাইন। পুরুষদের নিজের বা স্বজনের জন্য ঈদের কেনাকাটায় প্রথম পছন্দ পাঞ্জাবি।

ঈদের কেনাকাটা সম্পর্কে সিডনিতে বসবাসরত মনির হোসেন বলেন, “সব সময় ঈদের জন্য আমার পছন্দ পাঞ্জাবি। ঘুরে ঘুরে অনেক কালেকশনের মধ্যে একটা পাঞ্জাবি পছন্দ করে কিনেছি।”

কম দামে ভালো মানের পোশাক খুঁজছেন ক্রেতারা। এক দোকান থেকে আরেক দোকান ঘুরে ঘুরে পোশাক দেখছেন। দোকানগুলোতে বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের পোশাক পাওয়া যাচ্ছে।  আবার দোকানিরা ক্রেতাদের পছন্দ অনুযায়ী পোশাক বানিয়েও দিচ্ছেন।

বাংলাদেশি মালিকানাধীন বিপণি বিতানগুলোকে নতুন সাজে সাজানো হয়েছে ঈদুল ফিতরকে সামনে রেখে। আবার কেউ কেউ দোকানে আলোকসজ্জাও করেছেন।

দোকানিরাও জানান, ঈদকে সামনে রেখে ক্রেতাদের ভিড় অনেক বেড়ে গেছে। তাছাড়া উইকেন্ডে ক্রেতাদের প্রচুর সমাগম দেখা গেছে। রমজান মাস এলে বিভিন্ন দোকানে বিশেষ ছাড় দেওয়ায় রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। এবার বেচাকেনা তাদের আশার চেয়ে ভালো।

ঈদুল ফিতর এগিয়ে আসার সঙ্গে সঙ্গে স্বদেশ থেকে হাজার মাইল দূরে সিডনির বিপণি বিতানগুলোতে প্রবাসী বাংলাদেশিদের ভিড় বেড়েছে। বিদেশের মাটিতে শুধু বাংলাদেশিদের কেনাকাটার এ ভিড়কে মেলাই বলা চলে।

ঈদের বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন শাড়ি ও কাপড়ের দোকানগুলোতে বাংলাদেশের বিভিন্ন বাহারি ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, লেহেঙ্গা এবং বোম্বে থেকে এসেছে বেনারসি বেঙ্গল সিল্ক, ফেন্সি জর্জেট বুটিক শাড়ি ও জামদানি ডিজাইনের হরেক রকম নতুন শাড়ি।

ঈদ উপলক্ষে বাংলাদেশিদের কেনাকাটাসহ ঈদ উদযাপনে বাঙালি সংস্কৃতির প্রভাব চোখে পড়ার মতো।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!