২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির সমর্থনে সমাবেশ

কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে নিউ ইয়র্কের চতুর্দশতম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রার্থী হিসেবে নির্বাচনে সমর্থন জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2018, 11:21 AM

Updated : 11 Oct 2022, 12:22 PM

শনিবার দুপুরে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ আমেরিকান শ্রমিকদের জাতীয়ভিত্তিক সংগঠন ‘আসাল’-এর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রমিকের অধিকার প্রত্যাশা অনুযায়ী সুসংহত হলেই বাংলাদেশের জন্যে জিএসপি সুবিধা পুনর্বহালে সর্বশক্তি নিয়োগের অঙ্গিকার করেছেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার ও কংগ্রেসনাল ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলি।

ক্রাউলি বলেন, “শ্রমিক-অধিকার এবং মানবাধিকার নিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বহুদেশেই প্রশ্ন রয়েছে। বাংলাদেশকে নিয়ে আমি বেশি ভাবি কারণ, মুসলিম অধ্যুষিত হওয়া সত্ত্বেও এটি উদার এবং গণতান্ত্রিক।”

ক্রাউলি বলেন, “যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং আইনের প্রয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বর্ণ-গোত্র-লিঙ্গ বৈষম্য ঘটছে বলেও অভিযোগ উঠেছে। এসব অভিযোগের অবসানে আমি দীর্ঘদিন যাবত কাজ করছি। নিউ ইয়র্কে আমার নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি ভাষা ও বর্ণের মানুষের বাস। তাদের অধিকার সুরক্ষায় আমি বদ্ধপরিকর।”

আসালের জাতীয় প্রেসিডেন্ট বাংলাদেশি-আমেরিকান মাফ মিসবাহ উদ্দিন বলেন, “বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের কল্যাণে তিনি অনেক কিছু করেছেন। করার চেষ্টা করছেন। আশা করবো দশম টার্মের নির্বাচনেও জয়ী হয়ে দক্ষিণ এশিয়ান তথা অভিবাসী সমাজের নাজুক পরিস্থিতি অবসানে আরও জোরদার ভূমিকায় অবতীর্ণ হবেন।”

এরপরই যোসেফ ক্রাউলিকে নিউ ইয়র্কের চতুর্দশতম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পুনরায় প্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করেন।

এ উপলক্ষে আরও বক্তব্য দেন গিয়াস আহমেদ, মজিবর রহমান মজুমদার, আসালের জাতীয় সেক্রেটারি করিম চৌধুরী, দিলীপ চৌহান, চ্যাটার্জি ও আলী নাজমী।

নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সালেহ আহমেদ, আব্দুস সালাম, নাজমুল হক মাণিক, আজিজুল হক ও মঞ্জুর শেখ।

পুননির্বাচনের প্রচার কার্যালয়ের এ অনুষ্ঠানে ক্রাউলির স্ত্রী ক্যাসি নিলসন ও তার তিন ছেলে লিয়াম ক্রাউলি, কুলেন ক্রাউলি এবং কেনজি ক্রাউলিও উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!