২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর ভ্রমণ: নেদারল্যান্ডসের ‘পুষ্পে প্রেম’

মানুষ সুন্দরের পূজারী। সুন্দরের মোহে দিগন্ত পাড়ি দিয়ে বেড়ায় সুন্দরের পূজারীরা। এ ভুবনের সুন্দরের অন্যতম শ্রেষ্ঠ প্রতীক হল ফুল। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিত্তুল মুনা, জার্মানির বন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 04:53 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

ইউরোপে বসন্ত এলেই হাজারো মানুষ ছুটে যায় নেদারল্যান্ডসের জগতখ্যাত টিউলিপ গার্ডেনে। বেশ কয়েক বছর ধরে জার্মানি থাকার কারণে, আমারও পরিকল্পনা ছিল একবার টিউলিপ গার্ডেনে যাবার। এ বছর ২১ এপ্রিল হয়ে গেল আমার সেই স্বপ্ন পূরণ। জার্মানির বন থেকে আমরা প্রায় ২০-৩০ জন বাঙালি ভোর ৬টায় রওনা দেই নেদারল্যান্ডসের কোয়কেনহফে অবস্থিত বিখ্যাত সেই টিউলিপ গার্ডেনে উদ্দেশ্যে।

কোয়কেনহফ দক্ষিণ নেদারল্যান্ডসের আম-লিসে নামক শহরে অবস্থিত। বছরে অতি অল্প সময়ের জন্য খোলা থাকে এই বাগান। সাধারণত মার্চের মাঝামাঝি থেকে মে মাসের মাঝ সময় অবধি খোলা থাকে সর্বস্তরের মানুষের জন্য।

বন থেকে বাসে যাত্রা সময়কাল প্রায় ৪ ঘণ্টা। জার্মানিতে ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কয়েকটা কোম্পানি আছে, যারা বছরের বিভিন্ন সময়ে আয়োজন করে আকর্ষণীয় অনেক ভ্রমণের।তেমনই একটা প্রতিষ্ঠান হল ‘স্টুডিফার্টেন’। তাদের মাধ্যমে ছাত্র-ছাত্রী ছাড়াও অনেকেই যেতে পারে সারা ইউরোপ ভ্রমণে। অল্প খরচে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের ব্যবস্থা করে থাকে তারা।

খুব ভোরে উঠে আমরা রওনা হই বাসের জন্য। বাস অবধি পৌঁছাতে, বনের রাস্তার দুই ধারে ফুটে থাকা নানা রঙের ফুল বিশেষ করে ম্যাগনোলিয়া দেখতে খুবই চমৎকার লাগছিল। বাস ছাড়ল ভোর সাড়ে ছয়টায়। বাসে প্রায় শ খানেক যাত্রী হবে । তার মধ্যে বাঙালি প্রায় ২০-৩০ জন। সারা রাস্তা আমরা বাঙালিরা খুব হইহুল্লোড় করতে করতে গেলাম। মনে হচ্ছিলো আমরা যেন সেই স্কুল জীবনের কোন এক বনভোজনে যাচ্ছি।

২১ এপ্রিল অসংখ্য দর্শনার্থী আসার কারণে বাগানের কাছে পৌঁছানোর আগে কয়েক কিলোমিটার জ্যাম। এই দিন ইউরোপের বিভিন্ন দেশ থেকে দুইশরও বেশি বাস আসে এখানে। আমাদের চালক মামা অতি দক্ষ হাতে নানা অলিগলি দিয়ে আমদেরকে পৌঁছে দিলেন বাগানে।প্রায় চার ঘণ্টার যাত্রা শেষে আমরা পৌঁছলাম ।

তারপর ট্যুর গাইড আমাদের নানা তথ্য ও বাগানে প্রবেশের টিকেট বুঝিয়ে দিলেন। আমরা হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পরলাম বাগান পরিদর্শনে। বিশাল বাঙালি গ্রুপ থাকা সত্ত্বেও আমরা তিনজন একসঙ্গে ঘুরতে পারলাম। কারণ এই ভিড়ে সবাইকে হারিয়ে ফেললাম। বিজ্ঞানী ফুয়াদ হাসান, আমার জীবনসঙ্গী ইসমাইল সিরাজী আর আমি মিলে শুরু করলাম আমাদের বাগান দেখা অভিযান।

বসন্তের ফুল টিউলিপ। নানা রং আর প্রজাতির টিউলিপ ফুটে থাকে সমস্ত কোয়কেনহফ ও তার আশপাশের এলাকায়। ৩২ হেক্টর জায়গাজুড়ে অবস্থিত এই বাগান। এখানে প্রায় ৮০০ প্রজাতির টিউলিপের দেখা মেলে। বছরের এই সময়টাতে এই ৮০০ প্রজাতির আনুমানিক ৭ মিলিয়ন ফুল ফুটে।

দর্শনার্থীদের জন্য আলাদা সাজানো হয়েছে কোয়কেনহফের বাগান, যা কিনা উন্মুক্ত। আর বাণিজ্যিকভাবে চাষের জন্য যে জমি, সেখানে জনসাধারণের প্রবেশ সীমিত। সম্পূর্ণ বাগানটা অতি সুন্দরভাবে এবং পরিকল্পিতভাবে দর্শকের জন্য তৈরি করা হয়েছে।অনায়াশে মানুষ কয়েক ঘণ্টা সময় এখানে কাটিয়ে দিয়ে পারে আর উপভোগ করতে পারে রং ও গন্ধে ভরা প্রকৃতির খেলা।

দেখতে দেখতে দুপুর ২টা। আমরা তখন ছুটে গেলাম ফ্লাওয়ার প্যারেড দেখতে। কোয়কেনহফ বাগানের সামনের প্রধান রাস্তায় আয়োজন করা হয় এই প্যারেডের।একটু আগে থেকে রাস্তার পাশে জায়গা না নিলে লম্বা ইউরোপিয়ানদের পেছনে দাঁড়ালে প্যারেড দেখা যাবে না। এমন তথ্য দিয়েছিল ট্যুর গাইড। তাই আমরা তাড়াতাড়ি গিয়ে জায়গা করে দাঁড়িয়ে পড়লাম। প্রথমে বাদ্যযন্ত্রসহ একদল ব্যান্ড পার্টি বাজনার তালে তালে এগিয়ে গেল। নানা প্রজাতির ফুলে ফুলে গাড়ি সাজিয়ে রাস্তা ধরে এগিয়ে চলে প্যারেড। কোয়কেনহফ এর একদল কিশোর-কিশোরী তাদের নাচ প্রদর্শন করল।

তারপর ব্রাজিলের একদল শিল্পী অনেক জমকানো পোশাকে বাদ্যের তালে সাম্বা প্রদর্শন করল। সবশেষে হাজারো ফুল দিয়ে তৈরি চোখ ধাঁধানো বিশাল বিশাল সব ভাস্কর্য একের পর এক হাজির হল। প্রায় ৪৫ মিনিটব্যাপী প্যারেড যেন কয়েক মিনিটেই শেষ হয়ে গেল। প্রতি বছর ভিন্ন ভিন্ন বিষয়বস্তু নিয়ে এই প্যারেড অনুষ্ঠিত হয়। এবারের বিষয় ছিলো ‘পুষ্পে প্রেম’।

এবার ২০১৮ এর থিম সম্পর্কে আলোকপাত করা যাক। বসন্তের সময় কোয়কেনহফের টিউলিপ গার্ডেন পৃথিবীর অন্যতম ভালবাসার স্থান হিসেবে বিবেচ্য। বসন্তের আলতো নরম বাতাসে যখন দোল খেয়ে টিউলিপের কলিগুলো ফুটতে শুরু করে, টিউলিপ গার্ডেন আর আনাচে কানাচে তখন প্রেম ছড়িয়ে পড়ে। হাজারো প্রেমিক-প্রেমিকা এই বাগানকে বেছে নেয় তাদের প্রেম নিবেদনের স্থান হিসাবে। পৃথিবীর নানান জায়গা থেকে প্রতিদিন প্রায় ৬০ হাজার মানুষ আসে এখানে, শুধু ফুল ও মানুষের ভালবাসার টানে। এজন্য এবারের প্যারেডের বিষয়বস্তু নির্বাচন কড়া হয়েছে, ‘পুষ্পে প্রেম’।

ফ্লাওয়ার প্যারেড দেখা শেষ করে আমরা এবার ফিরলাম বাগানে। বাগানের প্রায় চারপাশ খাল কাটা আছে। এই খালে আবার নৌকায় করে ঘুরেও বেড়ানো যায়। তবে সেজন্য বাড়তি পয়সা গুনতে হয়। মানুষ চাইলেই সাধারণত ফুলের বিশাল ক্ষেতে প্রবেশ করতে পারে না। বাগানের একপাশে দুইটি জায়গা আছে যেখান থেকে মানুষ ফুলে ভরা মাঠ দেখতে পারে। রংবেরঙের ফুলে ভরতি মাঠ দূর থেকে দেখতে মনে হয় যেন আকাশের রংধনু মাটিতে লেপটে আছে। এই মাঠে প্রবেশানুমতি সংরক্ষিত থাকলেও আমরা বেশ কয়েকজন ঠিকই ঢুকে পড়ি। অবশ্য এই পথ দেখিয়েছেন শ্রদ্ধেয় মারুফ মল্লিক ও ইমরান হাবিব ভাইরা। ফুলে ফুলে ভরা মাঠে গিয়ে কতগুলো ফটো নিতে পেরে আমাদের ভ্রমণ পরিপূর্ণ মনে হল। সন্ধ্যা ৭টায় আমরা রওনা হলাম জার্মানির উদ্দেশ্যে।

১৯৫০ সালে প্রথম কোয়কেনহফ গার্ডেন দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় এবং প্রথম বছরই প্রায় দুই লাখ ছত্রিশ হাজার মানুষ এ বাগান পরিদর্শন করে। আজকের দিনে এই সংখ্যা আরও অনেক গুণ বেড়ে গেছে। বছরে দুই মাসব্যাপী এই বাগান প্রদর্শন থেকে কর্তৃপক্ষ বিপুল পরিমাণ অর্থ আয় করে।

একবার ভাবুন তো, যদি আমাদের দেশে এমন একটা ফ্লাওয়ার গার্ডেন করা যায় তবে তা সারা বছর মানুষ দেখতে যাবে। এমন জায়গা আমাদের দেশে আছে। যশোরের গতখালি। আশায় আছি, হয়ত একদিন গতখালিতে তৈরি হবে এমনই এক বাগান।  

লেখিকা: জার্মান প্রবাসী বাংলাদেশি

ছবি কৃতজ্ঞতা: ফুয়াদ হাসান, বাউল শাহেদ শাহ্ ও ইসমাইল হোসেন সিরাজী

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!