মহাকাশে বঙ্গবন্ধু-১ ও একটি ছবির গল্প
এর আগে কয়েকবার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। যদিও কোনটিই আনুষ্ঠানিক কোনো তারিখ ছিল না। সবশেষ স্পেসএক্স এর পক্ষ থেকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের জন্য চূড়ান্ত দিন ঠিক করা হয় ১০ মে, বৃহস্পতিবার, ২০১৮।
জানিয়ে দেওয়া হয়, সেদিন লঞ্চ উইন্ডো ওপেন থাকবে বিকেল ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যেই ‘ফ্যালকন ৯’ রকেটটি উড়ে যাবে মহাকাশে।
দেশি বিদেশি সাংবাদিকদের বড় একটি বহর সকাল সাড়ে ৭টার মধ্যেই উপস্থিত হয়ে যায় নাসা প্রেস সাইট পার্কিং লটে। নিউ ইয়র্কের জনপ্রিয় টেলিভিশন টিবিএন২৪ এর পক্ষ থেকে ছিলাম আমিও। পার্কিং লটে দুটি বাস নিয়ে অপেক্ষা করছিলেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত বেসরকারি মহাকাশ গবেষণা ও নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের কর্মকর্তারা।
বাস দুটি প্রায় ভরে গেল। আমরা নাসার কেনেডি স্পেস সেন্টারের ভেতরে ঢুকলাম। দেশ বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করেছি। তবে জীবনে এমন অভিজ্ঞতা প্রথম। তাই বেশ রোমাঞ্চিত বোধ করছিলাম তখন। আমাদেরকে নিয়ে যাওয়া হলো লঞ্চিং প্যাডের খুব কাছে। ততক্ষণে লঞ্চ প্যাডে ‘ফ্যালকন ৯’ কে দাঁড় করানো হয়েছে। যার মাথায় ‘বঙ্গবন্ধু-১’। সেখানে বাংলাদেশ সরকারের লোগো পরিষ্কার দেখা যাচ্ছে। শিহরণ জাগলো শরীর জুড়ে। উচ্ছ্বসিত হয়ে উঠলো মনটা।
স্পেসএক্স এর পক্ষ থেকে জানানো হলো আরও তিনটি দিক থেকে রকেটটি দেখার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হবে। স্যাটেলাইটটি উৎক্ষেপণের সময় যেহেতু কাছাকাছি কেউ যেতে পারবেন না, তাই সাংবাদিকরা ওই জায়গাগুলোতে রিমোর্ট কন্ট্রোলযুক্ত ক্যামেরা স্থাপন করবেন। দূর থেকে এসব ক্যামেরা রিমোর্ট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশের কোন সাংবাদিকের কাছে এমন অত্যাধুনিক ক্যামেরা নেই। ফলে আমাদের ক্যামেরা স্থাপনের কাজও নেই।
সবার ক্যামেরায় একের পর এক ক্লিক পড়তে শুরু করলো। এমন মুর্হূতকে ক্যামেরাবন্দী করার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠলেন। আমাদের দলটির মধ্য থেকে ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী অসাধারণ কিছু ছবি তুললেন। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয় তার তোলা ছবি।
তিনটি দিক থেকে আমরা ‘ফ্যালকন ৯’ এর মধ্যে থাকা স্যাটেলাইটি তখন দেখে ফেলেছি আমরা। আমাদেরকে নিয়ে যাওয়া হলো চতুর্থ এবং শেষ জায়গাটিতে। এমন সময় হঠাৎ করেই আমার মনে পড়ে গেল ব্যাগের ভেতরে বাংলাদেশ ক্রিকেট দলের একটা জার্সি নিয়ে এসেছি আমি। নিউ ইয়র্কের বাসা থেকে ফ্লোরিডায় আসার সময় বাংলাদেশের পতাকার রঙের কোন একটা পোশাক খুঁজছিলাম আমি। পাওয়া গেল এই জার্সিটা। বুকের মধ্যে ইংরেজিতে লেখা রয়েছে ‘বাংলাদেশ’। এটাই সই। ব্যাগের ভেতর থেকে জার্সিটা বের করে আনলাম। কিন্তু এত মানুষের মধ্যে শার্ট ও স্যুট খুলে জার্সিটা পড়বো কি করে! হাতে সময়ও কম।
চট করে সিদ্ধান্ত নিয়ে বাসে উঠে দ্রুত পোশাক বদলে নিলাম। নেমে এলাম বাংলাদেশকে গায়ে জড়িয়ে। হঠাৎ এমন পরিবর্তনে সাংবাদিক ও স্পেসএক্স কর্মীদের মধ্যে এক ধরণের চাঞ্চল্য তৈরি হলো। কয়েকজনের ক্যামেরা প্রচণ্ড রোদেও ঝলসে উঠলো। তবে আমাদের মধ্যে থাকা একমাত্র বাংলাদেশি ফটো সাংবাদিক নেহার সিদ্দিকী তুললেন অসাধারণ একটি ছবি। পেছনে দেখা যাচ্ছে ‘৩৯ এ’ লঞ্চ কমপ্লেক্স। সেখানে দাঁড়িয়ে ‘ফ্যালকন ৯’। তার উপরে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’।
এরপর সেখান থেকে আমরা ফিরে গেলাম হোটেলে। বিকেলে আবারো বড়সড় সাংবাদিক দলটিকে নিয়ে যাওয়া হলো ফ্লোরিডার অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারের ভেতরে। শ্বাসরুদ্ধকর বিকেলে সেকি উত্তেজনা! যদিও শেষ পর্যন্ত সেদিন উড়ে যেতে পারেনি ‘বঙ্গবন্ধু-১’। রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকলেও, গ্রাউন্ড সিস্টেম পুরোপুরি প্রস্তুত না হওয়ায় শেষ পর্যন্ত তা বন্ধ হয়ে যায়। কম্পিউটার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবেই উৎক্ষেপণ বন্ধ করে দেয়। সময় দেওয়া হয় পরেরদিন।
দিনটি স্থানীয় সময়ে ১১ মে, শুক্রবার, ২০১৮। আর ঘড়ির কাঁটায় বিকেল ৪টা ১৪ মিনিট। বাংলাদেশে তখন শুক্রবার শেষ হয়ে শনিবারে পড়েছে। ক্ষণ ২টা ১৪ মিনিট। মুহূর্তটা বাঁধিয়ে রাখার মতো। কোটি মানুষ নিশ্চয়ই হৃদয়ের ফ্রেমে বাঁধিয়েও রাখবেন সারাজীবন। আর ইতিহাসের পাতায়ও দিনটি উজ্জ্বল হয়ে থাকবে সবসময়। অনেকের মতো আমিও সামনে থেকে দেখে সেই ইতিহাসের স্বাক্ষী হয়ে রইলাম।
আমি তখন নাসার কেনেডি স্পেস সেন্টারের ভেতরে। একটি মাঠে দাঁড়িয়ে। মাঠের পরই একটি লেক। লেকের ওপারে লঞ্চ কমপ্লেক্স ‘৩৯এ’ পরিষ্কার দেখা যায়। আশপাশে দেশ-বিদেশের অনেক সাংবাদিক অবস্থান নিয়ে কাজ করছেন। আমার বুকের মধ্যে তখন তবলার বোল তোলার মতো ঝড় বয়ে যাচ্ছে। সেই শব্দ যেন আমি নিজেও শুনতে পাচ্ছি। যতদূর চোখ যায় অনন্ত আকাশের পথে ঘাড়টা উুঁচ করে তাকিয়ে আছি। সাদা মেঘ ছোঁয়ানো নীলচে আকাশ ভেদ করে চলে গেছে ‘ফ্যালকন ৯’।
সেদিন কেবল ফ্লোরিডার অরল্যান্ডোর কেপ ক্যানারভালে থাকা মানুষগুলোই নন, সরাসরি সম্প্রচারের কারণে টেলিভিশনের পর্দায় ঐতিহাসিক মুহূর্তটি দেখেছেন পৃথিবীর নানা প্রান্তে থাকা বাংলাদেশিরা। মুহূর্তেই সরগরম হয়ে উঠলো ফেইসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। গৌরবের প্রকাশ, অভিনন্দন আর আনন্দের বন্যায় ভেসে গেল এক একটি পাতা। সফল উৎক্ষেপণের আনন্দে ভেসে গেল নাসা ও স্পেসএক্সের কর্মীরাও।
বিরল দৃশ্যটি চোখের সামনে দেখার সৌভাগ্য হলো পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা সাধারণ দর্শনার্থীদেরও। সেদিন নাসার কেনেডি স্পেস সেন্টারে ভিআইপিদের জন্যে নির্ধারিত স্পেসএক্সের গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দুইশর কিছু বেশি ব্যক্তির সেখানে থাকার সুযোগ হয়েছিল। বাইরে বিভিন্ন জায়গায় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি অবস্থান নিয়েছেন।
নিজস্ব স্যাটেলাইট আছে এমন দেশের তালিকায় ৫৭ নম্বরে বাংলাদেশের নাম উঠতে দেখার গৌরবোজ্জ্বল মুহূর্ত দেখার সৌভাগ্য হলো সবার। সেখানে ছিলাম আমিও। অদ্ভূত ভালোলাগায় ভরে গেল মনটা।
লেখক: হেড অব নিউজ, টিবিএন২৪ টেলিভিশন, নিউ ইয়র্ক
ই-মেইল: amin.one007@gmail.co
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
