পেনসিলভেনিয়ায় লেফটেন্যান্ট গর্ভনর পদে মনোনীত হননি নীনা
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গর্ভনর পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেলেন না বাংলাদেশি বংশোদ্ভূত নীনা আহমেদ।
মঙ্গলবার ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হলে নীনার চেয়ে ১ লাখ ৫ হাজার ভোট বেশি পেয়ে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়েছেন জন ফিটারমেন।
নীনা আহমেদ ভোট পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ২৩৩টি। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর মাইক স্টাককে পেছনে ফেলতে পেরেছিলেন নীনা আহমেদ। তবে নীনার চেয়ে ১ লাখ ৫ হাজার ভোট বেশি পাওয়ায় ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের যোগ্য হয়েছেন জন ফিটারমেন।
ফলাফল জানার পর নীনা আহমেদ বলেন, “আমি মোটেও হতাশ নই। ভোটের সংখ্যা আরও বাড়তো যদি বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টর্নেডো আঘাত না হানতো। আমি গভীরভাবে কৃতজ্ঞ প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসী সমাজের প্রতি। কারণ, তাদের সমর্থনেই এতটুকু আসতে সক্ষম হয়েছি।”
সবসময় পাশে থাকার জন্য নীনা তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্বামী, দুই মেয়ে, তার নির্বাচনি সহকর্মীদের ধন্যবাদ জানান।
নীনার নির্বাচনী ক্যাম্পেইন দলের অন্যতম কর্মকর্তা ইবরুল চৌধুরী বলেছেন, “আমরা খুবই খুশি যে বড় অংকের ভোট পেয়েছেন সারা রাজ্যব্যাপী নির্বাচনে। তিনি জয়লাভ না করলেও আমরা গৌরববোধ করছি পাঁচ প্রার্থীর মধ্যে দ্বিতীয় হবার জন্যে।”
নিউ ইয়র্ক কমিউনিটির নেতা ফখরুল আলম বলেন, “নীনার এই ভোট পাবার ঘটনা প্রমাণ করেছে যে বাংলাদেশিরাও সকল পর্যায়েই বহুজাতিক এ বিশ্বে নিজেদের যোগ্যতা প্রদর্শনে সক্ষম। এখন সময় হচ্ছে নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা এলাকা থেকে কংগ্রেসে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বাংলাদেশি মিজান চৌধুরীকে জয়ী করার।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
