২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন-বাংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশিক্ষণ

যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে কর্মরত সাংবাদিকদের নিয়ে গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 06:41 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

স্থানীয় সময় রোববার ওল্ডহামের ইস্টার্ন প্যাভেলিয়নে এ প্রশিক্ষণে বিভিন্ন টেলিভিশন, পত্র-পত্রিকা, অনলাইন টিভি ও নিউজ পোর্টালের প্রায় ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

বিষয়ভিত্তিক মোট পাঁচটি সেশনে অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকরা।

‘বেসিক রাইটিং ফর মিডিয়া অ্যান্ড ইম্প্রোভ প্রনানসিয়েশন’ বিষয়ে প্রশিক্ষণ দেন বিবিসির সাবেক সাংবাদিক ও ডেইলি এশিয়ান এইজের কলামমিস্ট উদয় শঙ্কর দাশ, ‘গুড রিপোর্টিং ফর প্রিন্ট মিডিয়া’ বিষয়ে ক্লাবের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ‘অনলাইন অ্যান্ড মোবাইল জার্নালিজম’ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশ্যাল অ্যাফেয়ার্স এডিটর বিশ্বদ্বীপ দাশ, ‘টিভি রিপোটি: কমিউনিটি পার্সপেক্টিভ’ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর প্রধান প্রতিবেদক মুহাম্মদ জুবায়ের এবং ‘বেসিক ফিল্মিং অ্যান্ড এডিটিং অব টিভি নিউজ’ বিষয়ে ট্রেনিং পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ ও নিউজ টোয়েন্টিফোর এর যুক্তরাজ্য প্রতিনিধি আ স ম মাসুম।

এর আগে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল।

আগামীতে ক্লাবের মিডল্যান্ডস ও লন্ডনে কর্মরত সদস্যদের জন্য আরও দুটি প্রশিক্ষণ আয়োজনের কথা জানান তিনি।

অংশ নেওয়া সাংবাদিকরা জানান, প্রশিক্ষণে কমিউনিটির বাস্তবতায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা, অনুসন্ধানী প্রতিবেদন, সংবাদে নিরপেক্ষতা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সাংবাদিকদের দক্ষতা অর্জনে আরও বেশি মনযোগী হওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণের সমাপনি বক্তব্য দেন ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা।

তিনি বলেন, “সাংবাদিকতায় মৌলিক জ্ঞান অর্জনের জন্য ট্রেনিংয়ের বিকল্প নেই। সাংবাদিকরা যত বেশি এ বিষয়ে গুরুত্ব দেবেন তত বেশি তাদের দক্ষতা বাড়াবে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা কর্মক্ষেত্রে যাতে দক্ষতা আরও বাড়াতে পাড়েন সে লক্ষেই এ ট্রেনিং। নর্থ ইংল্যান্ডের সদস্যদের মাধ্যমে এর সূচনা হয়েছে ভবিষ্যতে অন্যান্য সদস্যরাও এই সুযোগ পাবেন।”

ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো এ আয়োজনে ওল্ডহাম ছাড়াও লিভারপুল, ব্রাডফোর্ড, লিডস, নিউক্যাসল, ম্যানচেস্টার, রচডেল, চেস্টার, আস্টন ও হাইডেতে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!