ঢাকায় পোল্যান্ড ও ইউক্রেন দূতাবাস চালুর দাবি প্রবাসীদের
ঢাকায় পোল্যান্ড ও ইউক্রেন দূতাবাস চালু এবং ইউক্রেনে বাংলাদেশ দূতাবাস চালুর দাবি জানিয়েছে ইউরোপে বাংলাদেশিদের সংগঠন ‘ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন’ (ইপিবিএ)।
স্থানীয় সময় রোববার পোল্যান্ডের রাজধানী ওয়ারশের একটি হোটেল বলরুমে অনুষ্ঠিত এক সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।
তারা জানান, ইউরোপে ফ্রান্স বা জার্মানির পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতে পারলে প্রবাসীদের আরও কর্মসংস্থান তৈরি সম্ভব।
আয়োজক সংগঠনের পোল্যান্ড শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ সভাপতি খলিলুল কাইয়ুম।
প্রধান অতিথি ছিলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাহফুজুর রহমান।
রাষ্ট্রদূত বলেন, “ইপিবিএ প্রবাসীদের অধিকারে যেভাবে আওয়াজ উঠিয়েছে এ ধারা চালু থাকলে প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে পাঠানো, প্রবাসীদের ভোটাধিকারসহ সব সমস্যা সমাধান হবে।”
তিনি জানান, বাংলাদেশে পোল্যান্ড দূতাবাস স্থাপন ও পোল্যান্ড সরকারের সঙ্গে সম্পর্ক তৈরিতে কাজ করছে বাংলাদেশ সরকার।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের ইতালি শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের পোল্যান্ড শাখার আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওসমান হোসেইন মনির।
কমিটিতে পদ পেয়েছেন সভাপতি পোল্যান্ডের কমিউনিটি নেতা হাসান আব্দুল কাইয়ুম, সহ সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেইন শরীফ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিন, মহিলা সম্পাদক সুরাইয়া ফেরদৌসী ইমা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
