২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যাটেলাইট উৎক্ষেপণ উৎসবে যুক্তরাষ্ট্র প্রবাসীরা

মহাকাশে পানে উড়তে গিয়েও উড়ল না বঙ্গবন্ধু স্যাটেলাইট, বিশ্ব মঞ্চে বাংলাদেশের নতুন যাত্রা পিছিয়ে গেলেও উৎসব থামেনি যুক্তরাষ্ট্র প্রবাসীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 03:25 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

তবে অনেক প্রবাসী অনুযোগ করে জানান, উৎক্ষেপণের তারিখ বারবার পরিবর্তনে অনেকের আগ্রহে ভাটা পড়েছে, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে।

শুক্রবার বাংলাদেশ সময় ভোররাত ৩টা ৪৭ মিনিটে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহটির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ পানে যাত্রা শুরুর কথা ছিল।

সব প্রস্তুতি সেরে উৎক্ষেপণের প্রক্রিয়াও শুরু হয়েছিল; কিন্তু মিনিট খানেক আগে সমস্যা দেখা দেওয়ায় স্যাটেলাইটটি আর ওড়েনি লঞ্চ প্যাড থেকে।

Image
উৎক্ষেপণের অপেক্ষায় বঙ্গবন্ধু সাটেলাইট

উৎক্ষেপণের অপেক্ষায় বঙ্গবন্ধু সাটেলাইট

জাতির গৌরবময় এ মুহূর্তটির সাক্ষী হতে ওরল্যান্ডো কেনেডি স্পেস সেন্টারে বাংলাদেশি-আমেরিকানদের সমাগম ঘটে, শেষ মুহূর্তে উৎক্ষেপণের তারিখ পিছিয়ে গেলেও উৎসব-আমেজে তেমন ভাটা পড়েনি।

প্রবাসীরা জানান, একদিন পিছিয়ে যাওয়ায় সবাইকে ফ্লাইটের টিকিট পরিবর্তনসহ হোটেল-মোটেলের বাড়তি ভাড়া গুনতে হবে। এর আগেও কয়েক দফায় অনেক প্রবাসীর ফ্লাইটের টিকিট বাতিল হয়েছে।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, বস্টন ও স্বগতিক ফ্লোরিডাসহ বিভিন্ন স্থানের প্রবাসীরা জড়ো হয়েছেন।

নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সহ সভাপতি এম ফজলুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদ ও মহিউদ্দিন দেওয়ান, সম্পাদকমনণ্ডলীর সদস্য মিসবাহ আহমেদ, সোলায়মান আলী, ফরিদ আলম, তৈয়বুর রহমান টনি, নির্বাহী সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকার, ওয়াশিংটন ডিসির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকি, পেনসিলভেনিয়া স্টেট কমিটির সভাপতি আবু তাহের, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ চৌধুরী এবং আটলান্টা থেকে মুক্তিযোদ্ধা আলী হোসেন।

এছাড়া রয়েছেন পিপল এন টেক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা আবু হানিফ, ফেমা ক্যাশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম, বাংলাদেশ-আমেরিকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম, নির্বাহী সদস্য নিহার সিদ্দিকী ও আশরাফুল বুলবুল।

Image
উৎক্ষেপণের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু-১

উৎক্ষেপণের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু-১

এদিকে ওরল্যান্ডোতে হোটেল হিলটন কোকোবিচ ওশানফ্রন্ট থেকে জাতিসংঘে বাংলাদেশের প্রেস সচিব নূরএলাহি মিনা সর্বশেষ পরিস্থিতির নিয়ে তার ফেইসবুকে লিখেন, “বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট। অভিভূত এক ক্ষণের অপেক্ষায় গোটা পৃথিবী। আর মাত্র কতগুলো ঘণ্টার ব্যবধান। প্রস্তুত কেনেডি স্পেস সেন্টার। গোটা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। কখন মহাকাশ পানে উল্কার বেগে ছুটে যাবে লাল-সবুজের পতাকা অঙ্কিত বঙ্গবন্ধু-১।”

কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে উৎক্ষেপণ করার সর্বশেষ নতুন সময়ের অপেক্ষায় শত শত প্রবাসী বাংলাদেশি ওরল্যান্ডোর হোটেল-মোটেলসহ আত্মীয়-স্বজনের বাসায় অপেক্ষা করছেন।

ওরল্যান্ডোর একটি হোটেলে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফুল আলম খোকনসহ ৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!