জার্মান প্রবাসে পহেলা বৈশাখ
সাম্প্রতিক সময়ের একটা বাংলা গানের প্রথম দুই লাইন দিয়ে শুরু করা যাক- ‘বাজে রে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ।’
বছর ঘুরে প্রতিবারের মত বাঙালির জীবনে আনন্দের জোয়ার নিয়ে আসে বাংলা নতুন বছর। সর্বস্তরের বাঙালি নানান রঙ ও সাজ-সজ্জায় আড়ম্বরে পালন করে পহেলা বৈশাখ। দেশের মানুষের কাছে পহেলা বৈশাখ বা বাংলা বর্ষবরণ একেবারেই বাঙালিয়ানা এক অনুষ্ঠান।
ঈদ বা পূজা-পার্বণ যেমন ধর্মীয় অনুষ্ঠান বা আচার-আয়োজন, পহেলা বৈশাখ তা নয়। বাংলা বর্ষবরণ বাংলার, বাঙালির এবং বাংলাদেশের।
যেমনটা বলেছি, পহেলা বৈশাখ বাঙালির উৎসব। আমরা প্রবাসী বাঙালিরাও পহেলা বৈশাখ পালনের দিক দিয়ে একেবারে পিছিয়ে আছি, এটা কিন্তু বলা চলে না। বিশ্বের বিভিন্ন দেশে যেখানে বাঙালি আছেন, তারা যার যার সাধ্য মতো চেষ্টা করেন বাঙালির প্রাণের উৎসব পালন করার জন্য।
আমরা বনবাসি (জার্মানির বন শহরের প্রবাসী) বাঙালিরা প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ পালন করলাম অনেক উৎসাহ আর আনন্দ নিয়ে। এই আয়োজনের কৃতিত্ব যাদের দিতে হয়, তাদের কয়েকজনের নাম উল্লেখ না করলেই নয়। সার্বিক আয়োজন ও উদ্যোক্তা হলেন আমাদের প্রিয় এম এ কে আজাদ ভাই ও তার স্ত্রী এস এম জাহান সুমি।
বিদেশের জীবনে বাংলাদেশি কোনো আয়োজন করতে গেলে প্রথমেই আমাদের যে সমস্যায় পড়তে হয়, তা হলো সময়। সকলের ছুটি মিলিয়ে একত্রে অনুষ্ঠান করতে পারা একটা বিরাট ব্যাপার। তাই মোটামুটি সবার সময় মিলিয়ে আমরা আমাদের পহেলা বৈশাখ গত ২২ এপ্রিল পালন করেছি।
বাঙালি এক দল নারী বৈশাখী সাজে যখন আমরা বেরিয়ে পরলাম আমাদের অনুষ্ঠান স্থল থেকে একটু বাইরে একটা পার্কে, উদ্দেশ্য কিছু ছবি তোলা, তখন জার্মান মানুষদের চোখগুলো ছিল দেখার মতো। তারা হয়তো ভাবছিল যে এই সুন্দরীরা এমন পোশাক পরে আছে কেনো, কোথায় তাদের দেশ? একজন জার্মান ভদ্রলোক তো তার সঙ্গীকে বলছিল ঠিক এ কথাটাই।
দুপুরের একটু আগে অনুষ্ঠানে গিয়ে আমার জামাই ইসমাইল হোসেন সিরাজী ও এহসান হাবিব লেগে পড়লো ইলিশ মাছ ভাজায়। মাছ ভাজা শেষ হতেই শুরু হলো মধ্যাহ্ন ভোজন। গরম গরম ইলিশ ভাজা দিয়ে সবাই মিলে পেট পুরে দুপুরের খাবার খেয়ে একে অপরের সাথে গল্পে মশগুল হয়ে একটা সুন্দর সময় কাটালাম।
সবচেয়ে আকর্ষণীয় ও ভালোলাগার অংশ ছিল ছোট ছেলেমেয়েদের অংশগ্রহণে অতি ছোট্ট পরিসরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট কোমলমতি বাচ্চারা কি সুন্দর করে মায়া মায়া কণ্ঠে বাংলা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করল।
ওই সময়টাতে আমার মনটা আনন্দে ভরে উঠেছিল এই ভেবে যে আমাদের এই আয়োজন প্রবাসে বড় হওয়া বাঙালির সন্তানদের তাদের শিকড়ের টান তৈরিতে সহায়তা করবে। তারা তাদের দেশ ও দেশের সংস্কৃতি একেবারে ভুলে যাবে না। বাচ্চাদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আমাদের অনুষ্ঠান।
লেখক: প্রবাসী বাংলাদেশি
ছবি কৃতজ্ঞতা: বাউল শাহেদ শাহ্
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
