২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কুইন্সে প্রবাসীদের বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রের কুইন্সে ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র উদ্যোগে ‘হৃদয় নাচে বৈশাখী সাজে’ স্লোগানে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 10:55 AM

Updated : 11 Oct 2022, 12:19 PM

শনিবার নিউ ইয়র্ক সিটির কুইন্সে অনুষ্ঠিত এ উৎসবে অতিথি ছিলেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স।

কংগ্রেসে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স বলেন, “যুক্তরাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য আজ ভুলুণ্ঠিত হবার পথে। এ অবস্থা থেকে আমেরিকাকে রক্ষায় চাই সকলের ঐক্য এবং বাংলাদেশিরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হবার পাশাপাশি সকলকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়াও জরুরি।”

উৎসবের আহ্বায়ক ফখরুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির নেতা মঈন চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত এ কে এ মোমেন বক্তব্য দেন।

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জাতীয় কমিটির প্রেসিডেন্ট এ কে এ মোমেন বলেন, “বাংলাদেশ এখন গোটা বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে পরিণত হয়েছে। উন্নয়নের এ অভিযাত্রায় প্রবাসীরাও শরিক হচ্ছেন। আমি নিজেও সে কাজে রয়েছি।”

অনুষ্ঠানে কমিউনিটি সেবার জন্যে আব্দুল কাদের মিয়াকে বিশেষ সম্মাননা জানানো হয়। মরণোত্তর সম্মাননা দেওয়া হয় একুশে প্রদকপ্রাপ্ত শিক্ষাবিদ মনসুর খান ও ব্যবসায়ী সাঈদ রহমান মান্নানকে।

পুরস্কার দুটি গ্রহণ করেন খান’স টিউটোরিয়ালের প্রেসিডেন্ট নাঈমা খান ও সিইও ইভান খান। পুরস্কার হাতে তুলে দেন মোমেন ও প্রয়াত দুই বরেণ্য ব্যক্তির ওপর আলোকপাত করেন পল খান। এ সময় মেলা কমিটির সমন্বয়কারী মনির হোসেন, রিজু মোহাম্মদসহ অনেকেই মঞ্চে ছিলেন।

সমাজকর্মী শাহনেওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাবেক সভাপতি নার্গিস আহমেদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন, সমাজকর্মী ও ব্যবসায়ী কাজী নয়ন, কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রার্থী অবতীর্ণ মিজান রহমান, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি নেতা মিসবাহ আহমেদ, ফরিদ আলম ও সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ওয়াজেদ এ খান।

এ মেলায় বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সভাপতি পদে কাজী নয়ন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জনসংযোগ করেন মেলায় আগতদের সাথে। একইভাবে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী মিজান রহমান ও তার পক্ষে আইনজীবী সোমা সাঈদ প্রচারণা চালান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!