যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি বুলু আর নেই
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলু মারা গেছেন।
নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৬৪ বছর বয়সী বুলু ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে ভর্তি ছিলেন।
দুই সপ্তাহ ধরে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল বলে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু জানিয়েছেন।
নীলফামারির সন্তান বুলুর স্ত্রী, দুই সন্তান এবং নব্বই বছর বয়সী মা আছেন।
নিউ ইয়র্কে জানাজার পর তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানান চান্দু।
১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাসিন্দা বুলু প্রবাসীদের নিয়ে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, সংগঠনটির সভাপতিও তিনি। এই সংগঠনের উদ্যোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম লোক সঙ্গীত সম্মেলনের আয়োজন করেন মাহবুব আলী বুলু।
এছাড়া ম্যানহাটানে ডাউন টাউন বিজনেস এসোসিয়েশন প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রেখেছিলেন তিনি।
তার মৃত্যুতে বৃহত্তর রংপুর অঞ্চলের নেতা আসেফ বারি টুটুলসহ জাতীয় পার্টির নেতারা শোক প্রকাশ করেছেন।
