২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে স্কুলের মাঠ উন্নয়নে চট্টগ্রাম সমিতির অনুদান

ওমানে বাংলাদেশিদের পরিচালিত একটি স্কুলের খেলার মাঠ উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পে ২২ লাখ টাকা অনুদান দিচ্ছে প্রবাসী সংগঠন ‘চট্টগ্রাম সমিতি ওমান’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তাপস বিশ্বাস, ওমান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 09:01 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

দেশটির রাজধানী মাসকাটের আল গোবরা এলাকায় অবস্থিত এ ‘বাংলাদেশ স্কুল’ ওমান প্রবাসী বাংলাদেশিদের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

স্থানীয় সময় রোববার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী প্রকল্প অনুদানের তৃতীয় চেকটি স্কুল অধ্যক্ষ মো. নাসিরউদ্দিন আহমেদকে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠার ২৫ বছর ধরে ধুলো-বালির কারণে মাঠটি খেলাধুলার অনুপোযোগী ছিল। পাশাপাশি স্বাস্থ্যগত নানা অসুধিায় পড়তে হয় শিক্ষার্থীদের। স্কুল কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে এ উন্নয়ন কাজে এগিয়ে আসে ‘চট্টগ্রাম সমিতি ওমান’।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ছিলেন প্রবাস বিষয়ক টিভি শো ‘প্রবাসী মুখের’ সঞ্চালক ও বাংলাভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ দীপু।

তিনি বলেন, “ওমানে প্রবাসীদের শিক্ষার প্রসারে বাংলাদেশ স্কুল যে অবদান রাখছে তা সত্যিই অতুলনীয়। শুধু শিক্ষাই নয় আরব বিশ্বে বাংলাদেশের মর্যাদাকেও তুলে ধরতে ভূমিকা রাখছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। তাই এর স্বার্থ সংরক্ষণ ও উন্নয়ন প্রবাসীদের দায়িত্বের মধ্যেই পড়ে। এ ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে চট্টগ্রাম সমিতি উদ্যোগ।” 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশটিতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবু সাঈদ, চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক এজাজ মাহমুদ, ওমান-বাংলাদেশ কমিউনিটি রিপোর্টার্স ফোরামের সভাপতি মাহাবুব চৌধুরী ও স্কুল পরিচালনা পর্যদের সদস্য আশরাফ রহমান।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সমিতি ওমানের জ্যেষ্ঠ সহ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম ও নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবু, তথ্য প্রযুক্তি সম্পাদক এমদাদ বাচ্চু, কার্যকরী সদস্য কাজী রাশেদ, রহিম উল্লাহ, নাসিরউদ্দিন ও আবদুর করিম।

আগামী জুন নাগাদ মাঠ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে বলে জানা গেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!