ইতিহাস বিকৃতি রোধে ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’
মুক্তিযুদ্ধবিষয়ক ডিজিটাল পাবলিক লাইব্রেরি 'মুক্তিযুদ্ধ-ই-আর্কাইভ' যাত্রা শুরু করেছিলো ২০১৪ সালের ৪ মে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের কাছে পৌঁছে দিতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা এ আর্কাইভের লক্ষ্য।
আর্কাইভ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাব্বির হোসাইনের ব্যাক্তিগত সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধ ও এ সম্পর্কিত দেশি-বিদেশি ফটোগ্রাফারের তোলা প্রায় ৫ হাজার ছবি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এখানে।
সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক রেজাউল বারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা মুক্তিযুদ্ধে যায়নি, যারা আলবদর-রাজাকার ছিল, তারা কথায় কথায় মুক্তিযোদ্ধা-তালিকা নিয়ে নানা রটনায় লিপ্ত হয়। এমন শ্রেণির লোকজনের প্রভাব রয়েছে কোন কোন মিডিয়ায়, তারাই অপপ্রচারকে উস্কে দেয় মুক্তিযোদ্ধাদের সামগ্রিক ইমেজ প্রশ্নবিদ্ধ করার অভিপ্রায়ে।”
ব্যক্তি উদ্যোগে পরিচালিত এ আর্কাইভের সহায়তায় রয়েছে লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠান। আর এজন্য গঠিত ট্রাস্টের সভাপতি শান্তা আনোয়ার।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ হলো মুক্তিযুদ্ধের বই, দলিল, ডকুমেন্টারি, ভিডিও ফুটেজ, চলচ্চিত্র, অডিও ও ছবির একটি ডিজিটাল লাইব্রেরি তথা ই-আর্কাইভ, যা পাঠকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত।”
অনলাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই-দলিল-পত্রিকার কাটিং-ডকুমেন্টারি-ভিডিও-অডিও-ছবি ও কনটেন্ট আপলোড করেছেন এবং দিয়েছেন, এমন সব ব্যাক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শান্তা।
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের কোন সেবার জন্য পাঠক বা ব্যবহারকারীর কাছ থেকে কোন অর্থ নেওয়া হয় না বলে জানান তিনি।
এখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণী লেখা, প্রবন্ধ, নিবন্ধ, গল্প ও কবিতাও প্রকাশ করা হচ্ছে। নিউ জার্সিতে বসবাসরত কাদেরিয়া বাহিনীর নেতা নূরন্নবীর লেখা সবকটি বই এ আর্কাইভে রয়েছে। বাংলাদেশ ও প্রবাসের আরো অনেকের সমৃদ্ধ লেখা পড়তে এ আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবলম্বন। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের সময়ে তৈরি ভারতীয়দের তালিকাও রয়েছে এ আর্কাইভে।
এছাড়া সরেজমিনে অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশ সরকারের একটি তালিকা রয়েছে এখানে। অর্থাৎ মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে যে অপ্রচারণা চলছে তা রোধেও ঐতিহাসিক একটি অবলম্বন হতে পারে এ ওয়েবসাইট। যুদ্ধকালীন কিছু ছবিও দেওয়া হয়েছে।
আরও তথ্য যদি কারো কাছে থাকে তা নির্ভয়ে এখানে দেওয়া যাবে। অর্থাৎ জনসাধারণের সরাসরি অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য এখানে উপস্থাপনের চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার নেতারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
