পর্তুগালে ‘বাংলাদেশ উৎসব’ এপ্রিলের শেষে
পর্তুগালে বাংলা নববর্ষ উপলক্ষে এপ্রিলের শেষে নানা আয়োজনে উদযাপন করা হবে ‘বাংলাদেশ উৎসব’।
আগামী ২৯ এপ্রিল রোববার বাংলাদেশ দূতাবাস লিসবনের আয়োজনে ওরিয়েন্তে মিউজিয়ামে এ আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস লিসবনের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি আমন্ত্রণপত্রের মাধ্যমে প্রবাসীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে থাকছে সকাল ১০টায় মিউজিয়ামে ঢোকার পথে অতিথিদের অভ্যর্থনা। এরপর সকাল সাড়ে ১০টায় মঙ্গল শোভাযাত্রা ওরিয়েন্ত মিউজিয়ামের সামনে থেকে শুরু হয়ে শেষ হবে লিসবনের টাগুস নদীর তীরে।
এরপর সকাল ১১টায় এসই রুমে শিশু-কিশোরদের জন্য মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত মুখোশ বানানো প্রশিক্ষণ কর্মশালা, ১১টা ১৫ মিনিটে বাংলাদেশের চিত্রকর্ম ও পোশাক প্রদর্শনী ‘বাংলাদেশের রঙ’-এর উদ্বোধন করা হবে।
এরপর বেলা সাড়ে ১১টায় বেইজিং হলে বাংলাদেশি সঙ্গীতের উপর কর্মশালা ও বিকাল ৬টায় মিলনায়তনে বাংলাদেশি লোক, বাউল ও সূফী সঙ্গীত পরিবেশনা, নাচ ও বাঙালির ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী থাকবে।
দূতাবাস সুত্রে জানানো হয়েছে, বিশেষ কিছু আয়োজনে আসন সংখ্যা সীমিত। অনুষ্ঠানের দিন সকালে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যাদুঘরের অভ্যর্থনা কেন্দ্র থেকে আগ্রহীদের টিকেট সংগ্রহ করতে হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
