নৈসর্গিক নিস্তব্ধতার প্রেমে প্রবাসী
মেলবোর্নে আসন গেড়েছি বেশ কিছুদিন হলো। হঠাৎ সিডনি থেকে এক ছোট ভাই ঘুরে বেড়াবার দাবি নিয়ে মেলবোর্নে এসে হাজির।
তখন ক্রিসমাসের ছুটি চলছে। আমি এই অবসরে নিজের বুদ্ধির গোড়ায় তা দিচ্ছিলাম। অস্ট্রেলিয়ায় যদিও তখন গ্রীষ্মকাল, তারপরও অনেকটা সাপের শীতনিদ্রার মত আয়েশি জীবন কাটাচ্ছিলাম। কিন্তু সেই আয়েশি জীবনে ধুমকেতুর মতো ছোট ভাই রিয়াজ মো.সাত্তারের ভালোবাসার অত্যাচার শুরু হলো!
ছোট ভাইকে নিয়ে মেলবোর্ন ঘুরতে হবে। কী আর করা, অবশেষে বিশ্রামের খোলস ছেড়ে বেরিয়ে আসতে হলো। ঠিক করলাম ভালোবাসার অত্যাচার যখন শুরু করেছে রিয়াজ, তখন তাকে ‘ভালবাসার বাগান’ ঘুরিয়ে আনি।
উইলিয়াম রিকেট নামের একজন নিসর্গপ্রেমী, পরিবেশবিদ ও ভাস্কর্য শিল্পী ১৯৪৮ সালের দিকে গড়ে তুলেছিলেন একটি ‘ভালবাসার বাগান (Forest of Love)’। এই বাগানে রয়েছে প্রায় একশ’টির মতো ভাস্কর্য, যেগুলোকে উইলিয়াম সাহেব নিজের হাতে বানিয়েছিলেন বছরের পর বছরের ধরে।
অনেকে হয়তো ভাবছেন, ভাস্কর্য তো একজন মানুষ বানাতেই পারেন, এতে আশ্চর্য হবার কী আছে? মজার ব্যাপার হলো, সেই ভাস্কর্যগুলো ছড়িয়ে আছে বিভিন্ন গাছের গুঁড়ি, শাখা-প্রশাখা বা পাতার ফাঁকে ফাঁকে। আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। খুঁজে পাবার আনন্দে আপনি হয়তো একটা লাফও দিয়ে দিতে পারেন। তাই অস্ট্রেলিয়ার সরকার বাগানের ভেতরে যাবার একটি সরু পায়ে চলা রাস্তার পাশে রেলিং-এর ব্যবস্থা করেছেন।
ঢুকতেই দেখি অস্ট্রেলিয়ার আদিবাসীদের একটি প্রকাণ্ড ভাস্কর্য, যেটি মনে হয় এই বাগানের প্রধান ফটক। আমি তো তখন বিমুগ্ধ নয়নে দেখছি সেই ভাস্কর্যের অপার সৌন্দর্য ও নিখুঁত কারুকাজ! শরীরের প্রতিটি ভাঁজ, প্রতিটি পেশী, এমনকি হাত-পায়ের নখ বা মাথার চুল পর্যন্ত নিখুঁতভাবে চিত্রিত হয়েছে ভাস্কর্যটিতে।
উইলিয়াম সাহেব আদিবাসীদের প্রেমে মগ্ন হয়ে এ কোন প্রেমের তরজমা করেছেন! বেশ অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, রিয়াজের ডাকে সম্বিত ফিরে পেলাম। রিয়াজ তার সুদৃশ্য দাঁতের প্রদর্শনী করে আমাকে বলল, “ভাইয়া, এখানে এতো দেখে সময় নষ্ট না করে ভেতরে চলেন, আরও শ’খানেক ভাস্কর্য আছে।” সত্যিই তো, সময় গেলে তো সাধন হবে না।
প্রতিটি ভাস্কর্যের নিচে অস্ট্রেলিয়ার আদিবাসীদের স্থানীয় ভাষায় ও ইংরেজিতে উইলিয়াম রিকেট সাহেব তাঁর মনের ভাব লিখে রেখে গেছেন। শোনা যায়, তিনি নাকি দীর্ঘদিন অস্ট্রেলিয়ার আদিবাসীদের সাথে বসবাস করছিলেন, তাদের সুখ-দুঃখের সাথে একাকার হয়ে গিয়েছিলেন।
প্রকৃতির কাছাকাছি থাকা এই মানুষদের সরলতা রিকেটকে মুগ্ধ করেছিল। তাই পরবর্তীতে তিনি শুকনো কাঠ, কাদামাটি ও পাথর কেটে কেটে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে বলতে চেয়েছিলেন- প্রকৃতির কাছে ফিরে যেতে হবে, আদিবাসীদের উপযুক্ত অধিকার ও মর্যাদা দিতে হবে। তাহলেই প্রকৃতির বিচিত্রতা টিকে থাকবে, টিকে থাকবে প্রতিটি সভ্যতা ও তাদের কৃষ্টি-কালচার।
রিয়াজের ছোট-খাট বা মাঝারি ভাস্কর্য দেখে আর মন ভরছিল না। আর তাছাড়া ভাস্কর্যগুলো তো আর চোখের সামনে সাজানো নেই- সেগুলো খুঁজে খুঁজে নিতে হয়। তাই বেচারার বোধহয় একটু একঘেয়েমিতে পেয়েছিল। অনেকক্ষণ থেকে উসখুশ করছিল আরও বড় বড় হৃদয়গ্রাহী কোনো চমকের আশায়।
উইলিয়াম রিকেটের জীবনালেখ্যের জ্ঞানগর্ভ আলোচনার ঘরটি পেরোনোর পর অপার বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম আমরা! রিয়াজের ততক্ষণে উসখুশ ভাবটা কমে গিয়ে একটা দিলখুশ হওয়ার প্রশান্তি চোখে-মুখে ছড়িয়ে পড়েছে দেখতে পেলাম।
এই ঘরটির মধ্যে প্রকাণ্ড আকারের একটি আদিবাসী ভাস্কর্য রয়েছে। প্রকৃতির কোলে যেন একজন ঋষি ধ্যান করছেন। অনিন্দ্য সুন্দর, অনির্বচনীয় প্রকাশ ও অসাধারণ কারুকাজ সেই ভাস্কর্যের। এই ঘরে ঢুকে ঋষির দিকে তাকালে মনে হবে, প্রকৃতির অধিকর্তার বা মুনি রূপধারী রাজার দরবারে হাজির হয়েছেন, সুন্দর প্রকৃতি ও ছোটবড় সব প্রাকৃতিক সভ্যতাকে টিকিয়ে রাখার বর প্রাপ্তির আশায়।
বাগানের ভেতর হাঁটতে হাঁটতে লক্ষ করলাম উইলিয়াম রিকেটের সমাধী। একটি গাছের গুঁড়ির নিচে পরম নিশ্চিন্তে আছেন তিনি। কোনো জাকজমক নেই সেই সমাধীতে। হয়তো চোখেও পড়তো না। গাছের গুঁড়ির সামনে একটি সমাধী পাথর দেখে থমকে দাঁড়াতে হলো।
ফিরে আসতে আসতে উইলিয়াম সাহেবের নিজস্ব স্টুডিও ও বসবাসের ঘর দেখে এলাম। অনেক অসমাপ্ত কাজ আছে সেখানে। জানতে পারলাম, উইলিয়াম সাহেব ১৯৬০ সালের দিকে ভারতবর্ষ ভ্রমণ করেছেন ও সেখানে ছিলেন কিছুদিন। হঠাৎ একটি রবি ঠাকুরের গান মনে এলো, ‘একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের খোঁজে...’। কী অদ্ভুত মিল কাব্যে-ছন্দে-জঙ্গলময় ভাস্কর্যে!
লেখক: প্রবাসী বাংলাদেশি
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
