সিডনিতে বঙ্গবন্ধু কাউন্সিলের বৈশাখী মেলা
বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করেছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া শাখা।
স্থানীয় সময় শনিবার সিডনির অলিম্পিক পার্কের এনএনজেড স্টেডিয়ামে এ মেলায় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয় এ বর্ষবরণ উৎসবের। ঢোলের তালে তালে মুখোশ পরে ঐতিহ্যবাহী এ শোভাযাত্রায় বাঙালিরা অংশ নেন।
মেলা প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে-গানে হাজার হাজার দর্শক সরব হয়ে ওঠেন।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে মঞ্চনাটক ‘চেরাগবিহীন খুদে আলাদিন’ পরিবেশনা প্রাণবন্ত করে তোলে মেলা প্রাঙ্গণ। এছাড়া ‘রুপালি পর্দার স্বর্ণালি গান’ সঙ্গীত পরিবেশন করা হয়।
মেলা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বাণী দেন।
এসময় অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সুফিউর রহমান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রতিনিধি, ফেডারেল বিরোধী দলীয় নেতার প্রতিনিধি, নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিরোধী দলীয় নেতার প্রতিনিধি, মালটিকালচারাল মন্ত্রী র্যা উইলিয়ামসহ বিভিন্ন অঞ্চলের ফেডারেল ও স্টেট সাংসদরা নববর্ষের শুভেচ্ছা জানান।
শ্যাডো সহকারী সিটিজেন মন্ত্রী জুলিয়া জুলি ওয়েনস ও স্ট্রেথফিল্ডের স্টেট সাংসদ জোডি ম্যাক শাড়ি পড়ে বক্তব্য দেন।
সবশেষে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক তার বক্তব্যে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
