প্যারিসে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’ অক্টোবরে
বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বাড়াতে অক্টোবরে ফ্রান্সের প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’।
বৃহস্পতিবার প্যারিসে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এক বৈঠকে এ সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও রোডম্যাপ রাষ্ট্রদূতকে অবহিত করেন সামিটের আয়োজক ‘ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার’-এর প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ।
বিশ্বব্যাপী ছয়টি মহাদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও সফল উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ সম্মেলন চলবে দুই দিনব্যাপী।
প্যারিসে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের সার্বিক সাফল্য কামনা করেছেন। দূতাবাসের তরফ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
প্যারিস সামিটকে সফল করতে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্বদের সমন্বয়ে একটি বিশেষ দল ইতোমধ্যে ঢাকায় কাজ শুরু করেছে বলে জানান সিইএফবি প্রেসিডেন্ট।
কাজী এনায়েত উল্লাহ জানান, ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’ এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’ ছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ইকোনোমিক জোনস অথোরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথোরিটি (বেপজা), ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার, ট্যুরিজম বোর্ডসহ বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা প্যারিস সামিটে অংশ নেবেন।
ঢাকার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরাও এতে যোগ দেবেন বলে জানান কাজী এনায়েত উল্লাহ।
তিনি বলেন, “২০১৬ সালের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমাদেরই ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘প্রবাসী বিশ্ব সম্মেলন’ প্রথম বাংলাদেশ গ্লোবাল সামিটের সাফল্যের ধারাবাহিকতায় প্যারিসে প্রথমবারের মতো বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার (সিইএফবি)। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী প্রবাসীদের যথার্থ অংশগ্রহণের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশে প্রবাসীদের ব্যাপক বিনিয়োগ নিশ্চিত করবে এই সামিট।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
