নিউ ইয়র্কে প্রবাসীদের বৈশাখী মেলা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে নানা আয়োজনে।
শনিবার নিউ ইয়র্কে ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ এ বৈশাখী মেলার আয়োজন করে।
এ সময় প্রবাসী বাংলাদেশিরা ‘আনন্দধ্বনি’ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতে অংশ নেন।
এর রেশ থাকতেই পান্তা-ইলিশের আমেজে ‘জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’ তথা জেবিবিএর বৈশাখ বরণের অনুষ্ঠানে বাঙালিদের ঢল নামে।
এ উপলক্ষে গঠিত মেলা কমিটির আহ্বায়ক রাশেদ আহমেদ, সদস্য সচিব ফাহাদ সোলায়মান, যুগ্ম সদস্য-সচিব সাজ্জাদ হোসাইন, প্রধান সমন্বয়কারী জে মোল্লাহ সানি, জেবিবিএ’র আহ্বায়ক কমিটির নেতা মহসিন ননী, এম রহমান, মো.পিয়ার, কাজী মন্টু ও মো. মহসিন মিয়া শুভেচ্ছা বক্তব্য দেন।
মোশারফ হোসেন পরিচালনায় এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির নেতা এটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ কামাল আহমেদ, সহ-সভাপতি এম এ খালেক খায়ের ও সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, খান’স টিউটোরিয়ালের প্রেসিডেন্ট নাঈমা খান, নুরল আমিন বাবু, বিপ্লব সাহা, সাদী মিন্টু, মনিকা রায়, সবিতা দাস ও কমিউনিটি নেতা বাকির আজাদ।
নিউ ইয়র্কে বাংলাদেশের কনসালল জেনারেল শামীম আহসান শুভেচ্ছা বক্তব্য দেন এ আয়োজনে। তিনি সকলকে ধন্যবাদ জানান শত ব্যস্ততার মধ্যেও বাঙালি সংস্কৃতি লালন ও চর্চা অব্যাহত রাখার জন্যে।
এই মেলায় সাংস্কৃতিক সংগঠন সুর-ছন্দ, বহ্নিশিখা ও শিল্পকলা একাডেমির শিল্পীরা তাদের পরিবেশনা তুলে ধরেন। জেবিবিএ’র এ বৈশাখী মেলার মিডিয়া পার্টনার ছিল ‘চ্যানেল আই’ ও ‘বাংলাদেশ প্রতিদিন’।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
