ফিলাডেলফিয়ায় নীনা আহমেদের নির্বাচনী সমাবেশ
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় অঙ্গরাজ্যটির লেফটেনেন্ট গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়া নীনা আহমেদের সমর্থনে নির্বাচনী সমাবেশ হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে ফিলাডেলফিয়ার মন্টগুমারি কাউন্টির লেন্সডেল মেননিয়েট গির্জায় নির্বাচনী তহবিল গঠনে এ সমাবেশের আয়োজন করে ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল’।
সমাবেশ সঞ্চালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ রাজ্জাক। শুভেচ্ছা বক্তব্য দেন লেন্সডেল সিটির কাউন্সিলম্যান লিউন।
নীনা আহমেদ সবার কাছে ভোট চেয়ে বলেন, “আমি লড়ছি অভিবাসী সমাজের অধিকার আর মর্যাদা সুরক্ষার জন্যে। গত ২৫ বছর ধরেই আমি সর্বসাধারণের কল্যাণে কাজ করছি। সামনের দিনেও একইভাবে আপনাদের পাশে নিয়ে আরও জোরালোভাবে কাজ করতে চাই।”
ইবরুল বলেন, “নীনা একজন বাংলাদেশি, তাকে আপনাদের মাঝে বিশেষ করে এই অঞ্চলে নতুন করে পরিচয় করার কিছু নেই। তিনি আমাদের কমিউনিটির অতি আপনজন।”
এদিকে নীনার নির্বাচনী তহবিল বাড়াতে আগামী ২ মে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে আরেকটি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল’।
সংগঠনটির সভাপতি এন মজুমদার, সাধারণ সম্পাদক নজরুল হক, পরিচালক আবদুল গাফফার চৌধুরী খসরু, পরিচালক মনজুর চৌধুরী জগলু, অধ্যাপক শেখ আল মামুন, আবদুর রহিম বাদশা, শাখাওয়াত আলী এক যুক্ত বিবৃতিতে এ আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
