২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস আল জউফ প্রদেশের গুরাইয়াত ও তাবারজল শহরে বাংলাদেশি শ্রমিকদের কনস্যুলার সেবা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফী উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 12:01 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

স্থানীয় সময় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে ৬টা পর্যন্ত বাংলাদেশ দূতাবাস অভিবাসী শ্রমিকদের বিভিন্ন প্রয়োজনীয় কনস্যুলার সেবা দিয়েছে।

বাংলাদেশ দূতবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, “বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট তৈরি, সোনালী ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ও প্রবাসী কল্যাণ কার্ড তৈরিসহ বিভিন্ন রকম সেবা দেওয়া হয়। গুরাইয়াত ও তাবারজল শহরে প্রায় পাঁচশ’ অভিবাসী শ্রমিক কনস্যুলার সেবা নিয়েছে।”

এ সময় দূতাবাসের কার্যালয় প্রধান কাউন্সেলর ফরিদ উদ্দিন, সোনালী ব্যাংক প্রতিনিধি আবদুল ওয়াহাব ও প্রেস উইং-এর দ্বিতীয় সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম কনস্যুলার সেবা দেন।

সৌদি আরবের শ্রমিকদের কনস্যুলার সেবা দেওয়ার এ উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, “সৌদি আরবে প্রায় ২২ লক্ষ প্রবাসী বাংলাদেশিকে সেবা দিতে দূতাবাস ও কনস্যুলেট বদ্ধপরিকর। এতে সময়মতো সেবা প্রাপ্তির সাথে সাথে তাদের সময় ও অর্থেরও সাশ্রয় হচ্ছে।”

কনস্যুলার সেবার পাশাপাশি অভিবাসী শ্রমিকদের বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানানো হয় এবং বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!