যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে বিক্ষোভে প্রবাসীরা
যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রতিবাদ করেছে প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার নিউ ইয়র্কের কুইন্সের ডিটমাস বুলেভার্ড এলাকার একটি লাইব্রেরির মিলনায়তনে এ দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা ও ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি সমাবেশে বলেন, “২০১২ সালে কানেকটিকাটে স্যান্ডিহুক প্রাইমারি স্কুলে নির্বিচার গুলিবর্ষণে ২০ শিশু-শিক্ষার্থীসহ ২৬ জন নিহত হওয়ার সময়েই হাউজের স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। সে সময় তিনি আমাকে অস্থির না হওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন, এখনও সময় হয়নি।’’
এরপর তিনি ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আরিজোনাসহ বিভিন্ন স্থানে গুলি বর্ষণে নিহতদের কথা উল্লেখ করে বলেন, “প্রতিবারই রিপাবলিকান স্পিকার পোল রায়ান আমাকে একই কথার পুনরাবৃত্তি করে বলেছেন, সময় হলেই সবকিছু করা হবে। আর কতো রক্ত ঝরলে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের সময় হবে?”
ডেমক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট নেতা বাংলাদেশি-আমেরিকান এটর্নি মঈন চৌধুরী বলেন, “প্রচলিত আইনে যে কেউ বন্দুক কিনতে পারেন। এ কারণে কখনও যদি কোনো অভিবাসীর গুলিতে কেউ মারা যায়, তাহলে সকল মিডিয়া সরব হয়ে প্রচার করতে থাকে যে অভিবাসীরা সন্ত্রাস করছে। অথচ যখন কোনো শ্বেতাঙ্গ আমেরিকানের গুলিতে নিরীহ মানুষের প্রাণ যায়, তখন বলা হয় না যে শ্বেতাঙ্গ আমেরিকানরা সন্ত্রাস করছে। অধিকন্তু প্রচারের চেষ্টা করা হয় যে মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়ায় এহেন হত্যাযজ্ঞ চালিয়েছে।”
মঈন চৌধুরী আরও বলেন, “এমন মনোভাব বন্ধে আইন দরকার। যারা নির্বিচারে গুলি চালিয়ে অসহায় মানুষ হত্যা করে, তারা সকলেই দুর্বৃত্ত-একথা স্মরণ রাখা দরকার।”
সমাবেশে কমিউনিটি অ্যাক্টিভিস্ট ওসমান চৌধুরী বলেন, “অস্ত্র কিনতে আগ্রহী ব্যক্তির মানসিক পরিস্থিতি ঠিক আছে কিনা-তা যাচাই করার বিধি করতে হবে এবং অস্ত্র কেনার পর প্রতি বছরই লাইসেন্সধারীর মানসিক অবস্থা পর্যালোচনা করতে হবে।”
এ প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিক।
গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডায় একটি হাই স্কুলে গুলি চালিয়ে হতাহতের ঘটনার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অস্ত্র নিয়ন্ত্রণ আইন দাবিতে ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা স্কুল বর্জন করার কর্মসূচি নিয়েছে বলে সমাবেশ থেকে জানানো হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
