২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লস এঞ্জেলেসে ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে প্যারেড’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 11:27 AM

Updated : 11 Oct 2022, 12:15 PM

শনিবার দিবসটি উপলক্ষে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লসএঞ্জেলেস (বাফলা)’। 

শনিবার কর্মসূচির প্রথম দিনে প্যারেডে শোভা পায় বঙ্গবন্ধুর ছবি। পাশাপাশি ছিলো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি। প্যারেডটি লিটল বাংলাদেশের থার্ড স্ট্রিট ও নরমেন্ডি এভিনিউ থেকে শুরু করে ভারমন্ট হয়ে ভার্জিল মিডল স্কুলের মাঝে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল ছিলেন স্থানীয় কংগ্রেসম্যান জিমি গোমেজ। প্রধান অতিথি ছিলেন কালী প্রদীপ চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন লস এঞ্জেলেসের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। 

বাংলাদেশ ও আমেরিকার পতাকা শোভিত ঘোড়ার গাড়ি, জাতীয় স্মৃতিসৌধ, স্ট্যাচু অব লিবার্টি ও পদ্মসহ নানা জিনিস নিয়ে প্যারেডে অংশ নেন প্রবাসীরা।

আনুষ্ঠানিকভাবে কংগ্রেসম্যান জিমি গোমেজ আমেরিকার পতাকা উত্তোলন করেন। কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা উত্তোলন করেন বাংলাদেশের পতাকা। প্রধান অতিথি কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এরপর শুরু হয় বাংলাদেশ ডে ফেস্টিবলের সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফেস্টিবল ঘিরে ছিল দেশীয় পণ্য ও খাবারের স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সাথে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শাহ মাহবুব।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বাংলাদেশ ডে ফেস্টিবলে রকমারি পণ্যের দোকান ও খাবারের স্টলের পাশাপাশি রাখা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লসএঞ্জেলেসের প্রাক্তন মেয়র অ্যান্তোনিও ভিলারাইগোছা এদিন উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে আসা জিনাত আরা মুন্নি ও শুভ্রদেব অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

এ প্যারেড উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এবার বাফলা’র সর্বোচ্চ পদক ‘বাফলা পদক’ পেয়েছেন বাফলার ফাউন্ডিং প্রেসিডেন্ট আবুল হাসেম। লস এঞ্জেলেসের প্রাক্তন মেয়র ও বর্তমানে ক্যালিফোর্নিয়ার গভর্নর পদপ্রার্থী অ্যান্তোনিও ভিলারাইগোছা এ পদক তার হাতে তুলে দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!