কুয়েতে ‘ঘুমন্ত অবস্থায়’ ১ বাংলাদেশির মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রবাসী এক বাংলাদেশি ‘ঘুমন্ত অবস্থায়’ মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
তার নাম কামাল আহমদ (৪০)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ঘেচুয়া সুলতানপুর গ্রামের কেরাম আলীর ছেলে।
স্থানীয় সময় শনিবার রাতে কুয়েতের সর্বদক্ষিণে অবস্থিত কৃষিঅঞ্চল খ্যাত ওয়াফরা এলাকার ভাড়া বাসায় তিনি হৃদরোগে মারা যান বলে তার সহকর্মীদের ধারণা।
তারা জানান, প্রতিদিনের মতো কামাল কাজ শেষে রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে কাজে না যাওয়ায় অন্যান্য সহকর্মীরা তার রুমে গেলে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।
পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বাসার তালা ভেঙে মৃত্যু অবস্থায় কামালের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বর্তমানে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে।
কামাল প্রায় ১৪ বছর ধরে কুয়েতের বিভিন্ন কোম্পানিতে কাজ করে আসছিলেন বলে জানা গেছে। মৃত্যুর আগে তিনি কুয়েতের ওয়াফরা এলাকায় একটি কৃষি প্রকল্পে সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন।
কুয়েত প্রবাসীরা জানান, কুয়েতে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, বেশিরভাগ মৃত্যু হচ্ছে হৃদরোগ ও মানসিক চাপে। কারণ সাত থেকে আট লাখ টাকা খরচ করে কুয়েতে আসা, আসার পর বেকারত্ব, ভিসা জটিলতা, আকামা বা পরিচয়পত্রবিহীন থেকে পুলিশের গ্রেপ্তার আতঙ্ক, দালালদের দৌরাত্ম্য ও দেশে ভিটেমাটি বিক্রি করে আসাসহ ঋণের বোঝার সমস্যায় ভোগেন তারা।
সব আইনি জটিলতা শেষে কামালের লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
