২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনির চিঠি: পৃথিবীর আদিতম গুহা

গত সোমবার সিডনিতে ছিল ইস্টার সানডের ছুটি। পরিবার নিয়ে গিয়েছিলাম ‘জেনোলান কেভস’ দেখতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 04:45 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

সিডনি শহর থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে ‘জেনোলান কেভস’ অবস্থিত। যেতে সময় লাগে প্রায় পৌনে তিন ঘণ্টা।

জেনোলান কেভস এর লুকাস গুহা পর্যটকদের জন্য একটি অন্যতম দর্শনীয় স্থান। ১৮৬০ সালে লুকাস গুহা আবিষ্কৃত হয়। স্থানীয় রাজনীতিবিদ জন লুকাসের নামানুসারে এ গুহার নামকরণ করা হয়েছে। গুহার ভেতর বিরাট বিরাট চেম্বার এবং ৫০ মিটারের বেশি উঁচু গির্জা রয়েছে। গির্জায় বিয়ের অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশন করা হয়।

১৮৯৭ সালে সরকারী স্থপতি ওয়াল্টার লিবার্টি ভার্নন এই হাউসগুলোতে ধনীদের বিশ্রাম ও মনোরঞ্জনের জন্য নাচঘর বা বলরুম নির্মাণ করেন। ডাইনিং হলটি এখন রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। এই রেস্টুরেন্টটি প্রতিদিন লাঞ্চ ও ডিনারের জন্য খোলা থাকে।

বিশাল বিশাল চেম্বারের ছাদ থেকে বরফের ঝালরের মতো ঝুলছে মার্বেল, ঝুলছে ক্রিস্টাল। কোথাও ঘন কোথাও স্বচ্ছ, তাতে গোলাপি আভা ঠিকরে বেরুচ্ছে। হাজার হাজার বছর ধরে একটু একটু করে তাপ, পানি, বালু, শিলা রূপান্তরিত হচ্ছে ক্রিস্টালে। ক্রিস্টাল ঝালরে ঝুলছে গোলাপি মুক্তা, হীরার কুচি।

গুহার ভেতরে বিভিন্ন জায়গায় পাথর কেটে মানুষ বা প্রাণীর ছবি তৈরি করা হয়েছে। শিলা পাথরেও তৈরি করা হয়েছে বিভিন্ন চিত্রকর্ম।

ভূতত্ত্ববিদদের ধারণা প্রায় ৩৪০ মিলিয়ন বছর এই গুহায় ‘মৃত্তিকাযুগ’ ছিল, যার ফলে গুহার গঠন জটিল। এগুলো বিশ্বের প্রাচীনতম উন্মুক্ত গুহা হিসেবে পরিচিতি লাভ করে। এই তত্ত্বের ওপর ভিত্তি করে সিডনি বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয় জাদুঘরের যৌথ সহায়তায় ‘কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন’ গবেষণা করছে।

জেনোলান কেভস এর অন্য গুহাগুলো হচ্ছে- চিফলে গুহা, ইম্পেরিয়াল গুহা, ওরিয়েন্ট গুহা, টেম্পল অব বাল, ইম্পেরিয়াল ডায়মন্ড, রিভার গুহা ও রিবন গুহা। 

সরকারি তথ্য মতে, জেনোলান কেভস দেখবার জন্য প্রতি বছর তিন লাখের বেশি পর্যটক আসেন এখানে। এটি গ্রামীণ নিউ সাউথ ওয়েলসের সবচাইতে জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!