নিউ ইয়র্কে নীনা আহমেদের নির্বাচনী সমাবেশ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেনেন্ট গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নপ্রাপ্ত নীনা আহমেদের সমর্থনে নির্বাচনী সমাবেশ হয়েছে।
শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলজিনো পার্টি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘ফ্রেন্ডস অব ড.নীনা’ ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশ সঞ্চালনা করেন আয়োজক কমিটির কো-চেয়ার ও মার্কিন শ্রমিক ইউনিয়নের নেতা মাফ মিসবাহউদ্দিন, কো-চেয়ার ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল এবং সাংবাদিক লাবলু আনসার।
সমাবেশের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের প্রাক্কালে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, “নীনা একজন বাঙালি, বাংলাদেশি এবং এখন আমেরিকান। সবকিছুর উপরে তিনি মানবিক বিবেকসম্পন্ন একজন মানুষ। সে জন্যে দলমত নির্বিশেষে সকলেই তাকে সমর্থন দিচ্ছেন।”
নিউজার্সির কাউন্সিলম্যান নূরন্নবী বলেন, “এখন সময় হচ্ছে ঘুরে দাঁড়ানোর। নীনার মত সৎ, পরিশ্রমী, উদ্যমী মানুষকে নির্বাচিত করার মধ্য দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালির উত্থানের পথ সুগম হতে পারবে।”
শীঘ্রই নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে আরেকটি সমাবেশ করা হবে নির্বাচনী তহবিল সংগ্রহের জন্যে- এমন ঘোষণা দেন কমিউনিটি নেতা ও ডেমোক্র্যাট মোহাম্মদ এন মজুমদার।
নীবার সমর্থনে সমাবেশে উপস্থিত ছিলেন পেনসিলভেনিয়ার আপারডারবি সিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট নূরুল হাসান, কাউন্সিলম্যান মনসুর আলী মিঠু, নিউ ইয়র্কের হাডসন সিটির কাউন্সিলম্যান শেরশাহ মিজান, নিউজার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান নূরন্নবী ও হেলিডন সিটির ম্যানচেস্টার ইউটিলিটিস অথরিটির কমিশনার দেওয়ান বজলু চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
