যুক্তরাজ্যে সফল শতাধিক ব্রিটিশ বাংলাদেশি
বিভিন্ন ক্ষেত্রে সফল শতাধিক ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূতদের তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’ (বিবিপিআই)।
স্থানীয় সময় বুধবার ব্রিটিশ নৌবাহিনী রয়েল নেভি এইচএমএস প্রেসিডেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সপ্তমবারের মতো এ তালিকা প্রকাশ করা হয়।
এর বিচারকমণ্ডলীতে ছিলেন ইকবাল ওয়াহাব ওবিই, সৈয়দ নাহাস পাশা, নাহিদা রহমান, জন নিউবিগিন ও হাওয়ার্ড ডোবার।
আয়োজকরা জানান, এবারের তালিকায় যারা সন্ত্রাসী ও দুর্যোগসহ বিভিন্ন ঘটনাবলীতে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদের নাম রয়েছে। এদের মধ্যে রয়েছে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবেলায় অবদান রাখা থেকে শুরু করে মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসা ব্যক্তিরা।
‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’ এর সম্পাদক আয়েশা কোরেশী বলেন, “ব্রিকলেন ও আশপাশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজের সূত্র ধরে ষাট ও সত্তরের দশকে মাইগ্রান্ট কমিউনিটির যাত্রা হয়। সেই থেকে বাংলাদেশি কমিউনিটি অনেক বড় হয়েছে। শিল্প-সাহিত্যসহ সমাজের প্রত্যেক ক্ষেত্রে এ কমিউনিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।”
এবারের বিবিপিআই তালিকায় বিশেষভাবে স্মরণ করা হয়েছে ৪০ বছর আগে বর্ণবাদীদের হাতে নিহত বাংলাদেশি আলতাব আলীকে।
১৯৭৮ সালে ৪ মে পূর্ব লন্ডনে বর্ণবাদীদের হাতে নিহত হন আলতাব আলী। তার নামে টাওয়ার হ্যামলেটসে একটি পার্কের নাম রাখা হয়েছে ‘আলতাব আলী পার্ক’। পরবর্তীতে দেখানে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়।
‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’ এর প্রতিষ্ঠাতা আব্দাল উল্লাহ বলেন, “ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দু হলো ১৯৭৮ সালের ঘটনা। আলতাব আলী হত্যাকাণ্ড ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে একটি গণজাগরণ সৃষ্টি করে। সবাই একযোগে অন্যায় অবিচার, বর্ণবাদ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন। সবাই একযোগে আওয়াজ তুলেছিলেন ‘আমরা ব্রিটিশ বাংলাদেশি এবং আমরা এদেশে থাকার জন্যই’।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
