মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় সোমবার সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত গেয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করে দিনের প্রথম কার্যক্রম শুরু হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনান দূতাবাস কর্মকর্তারা।
একইদিন রাতে উদযাপনের দ্বিতীয় পর্বে রাজধানী মালের আহমেদিয়া আন্তর্জাতিক স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আখতার হাবীব।
এতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসিম।
রাষ্ট্রদূত আখতার হাবীব বলেন, “বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণ ভ্রাতৃত্বপূর্ণ মুসলিম দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।”
প্রধান অতিথি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসিম বলেন, “বাংলাদেশ ও মালদ্বীপের একটি শক্তিশালী বন্ধুত্ব সম্পর্ক রয়েছে যা পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও গভীর অঙ্গিকারের উপর ভিত্তি করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একসঙ্গে কাজ করে যাচ্ছে।”
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক, দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, কবিতা আবৃত্তি, নাচ ও শিশুদের ফ্যাশন-শো পরিবেশিত হয়।
অনুষ্ঠানে মালদ্বীপের মন্ত্রী, সরকারী কর্মকর্তা, রাষ্ট্রদূত, কূটনীতিবিদ, সংসদ সদস্য, গণমাধ্যমকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
