২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক রাজ্য পার্লামেন্টে ‘বাংলাদেশ ডে’

যুক্তরাষ্ট্রে সপ্তম বছরের মতো বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ ডে’ উদযাপন করেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 11:42 AM

Updated : 11 Oct 2022, 12:14 PM

মঙ্গলবার আলবেনিতে নিউ ইয়র্ক স্টেট সিনেট ও স্টেট অ্যাসেম্বলি হাউসে এ অনুষ্ঠানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা নূরন্নবীকে বিশেষভাবে সম্মান জানানো হয় পার্লামেন্ট ফ্লোরে।

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করা এ অনুষ্ঠানে স্টেট পার্লামেন্টে গৃহীত রেজ্যুলেশন পাঠ করা হয়। সেখানে বাঙালি জাতির মুক্তিসংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রসঙ্গ স্থান পেয়েছে। এছাড়া রয়েছে একাত্তরের ২৫ মার্চ রাতে নীরিহ বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার তথ্য।

স্টেট অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা ও স্টেট সিনেটর জামাল টি. বেইলি এ রেজ্যুলেশন উত্থাপনের পর তা পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজ্য পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের এ কার্যক্রম শুরু হয়েছে ২০১২ সালে। শুরু থেকেই নেতৃত্বে রয়েছেন কম্যুনিটি নেতা ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। এবারের আয়োজক কমিটির চেয়ারম্যান ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা।

নিউ ইয়র্ক সিটি থেকে কিছুটা দূরে আলবেনিতে এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যে ১২০ জন বাংলাদেশি গিয়েছিলেন। এছাড়াও আশপাশের প্রবাসীরাও ছিলেন সেখানে। উৎসবমুখর পরিবেশে অ্যাসেম্বলি-অধিবেশন চলাকালে ‘বাংলাদেশ ডে’র প্রস্তাবনাটি গৃহীত হয়।

স্টেট অ্যাসেম্বলি হাউজে অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা উত্থাপিত ‘বাংলাদেশ ডে’ প্রস্তাবনাটি পাঠ করেন। এর সমর্থনে বেশ ক’জন অ্যাসেম্বলিম্যান সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এ রেজ্যুলেশন গ্রহণকালে অ্যাসেম্বলি ফ্লোরে উপস্থিত ছিলেন কম্যুনিটি নেতা মুহম্মদ এন মজুমদার, আবদুর রহিম বাদশা, মুক্তিযোদ্ধা নূরননবী, নাসির উদ্দিন, নজরুল হক, আবদুল মুসাব্বির, সোলায়মান আলী, মো. শামীম মিয়া, এ ইসলাম মামুন, আহবাব হোসেন চৌধুরী, জামাল হোসেন ও কামাল উদ্দিন।

একইভাবে স্টেট সিনেটে সিনেটর জামাল টি. বেইলি উত্থাপিত ‘বাংলাদেশ ডে’ প্রস্তাবনাটি পাঠ করে শোনানোর পর পাঁচজন সিনেটর এর সমর্থনে বক্তব্য দেন।

স্টেট অ্যাসেম্বলি হাউজ ও সিনেট হাউজের আনুষ্ঠানিকতা শেষে স্টেট সিনেটর জামাল টি.বেইলি ও অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা আলবেনি হলে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে এক অভ্যর্থনা পার্টির আয়োজন করেন। অনুষ্ঠানে ‘বাংলাদেশ ডে’ কমিটির কাছে অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা ও সিনেটর জামাল টি বেইলি হাউজ দু’টিতে পাশকৃত রেজ্যুলেশনের কপি হস্তান্তর করেন।

এছাড়া এসময় বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ডে কমিটিকে প্রক্লেমেশন দেওয়া হয়। ‘বাংলাদেশ ডে’ উদযাপন কমিউনিটি চেয়ারম্যান আবদুর রহিম বাদশার সভাপতিত্বে ও কমিটির মুখপাত্র আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে স্টেট সিনেটর জামাল টি বেইলি ও অ্যাসেম্বেলিম্যান লুইস সিপুলভেদা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন অন্যান্য স্টেট সিনেটর ও অ্যাসেম্বেলিম্যানরা।

এদিকে এবারের এ আয়োজনের ব্যানারে ‘বাংলাদেশ ডে’-এর পরিবর্তে ‘বেঙ্গলি ডে’ লেখায় আয়োজকদের ত্রুটির সমালোচনা করেছেন অনেকে। বাংলাদেশের মানচিত্রটিও সঠিক ছিল না।

এ ব্যাপারে আপত্তি উঠলে সাথে সাথে স্টেট সিনেটর জামাল টি বেইলি গভীর দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানান এ আয়োজনের অন্যতম সংগঠক মোহাম্মদ এন মজুমদার।

‘বাংলাদেশ ডে’ ঘোষণার জন্যে পার্লামেন্টের উভয় কক্ষে যে রেজ্যুলেশন পাশ হয়েছে, সেখানেও ‘বঙ্গবন্ধু’র স্থলে ‘বঙ্গু বন্ধু’ লেখা হয়েছে ইংরেজিতে- এমন তথ্য জানিয়ে খান শওকত বলেন, “গত বছর থেকেই এমন ভুল করা হলেও আয়োজকরা তা সংশোধনের ন্যূনতম চেষ্টা করেননি। এমনকি এ প্রক্লেমেশনের একটি প্যারায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, অপারেশন সার্চ লাইটের মাধ্যমে বাঙালিদের স্বাধীনতার আন্দোলন দমন, নির্মূল করতে প্রধান প্রধান শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে চায় পশ্চিমারা। ওরা রাজনৈতিক কর্মসূচিসহ সশস্ত্র বিদ্রোহ নির্মূলের পরিকল্পনা অনুযায়ী অভিযান চালায়। এমনি অবস্থায় জিয়াউর রহমান একটি বার্তা প্রচার করেন, যার মধ্য দিয়ে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্তিত্বের প্রকাশ ঘটে।”

অঙ্গরাজ্য পার্লামেন্টের প্রক্লেমেশনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ‘বাংলাদেশ ডে’ উদযাপন কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা, বাফা প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, কমিউনিটি নেতা আবদুস সহীদ, ‘বাংলাদেশ ডে’ উদযাপন কমিউনিটি সদস্য সেক্রেটারি শাহেদ আহমদ, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, রিয়েল এস্টেট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও কমিউনিটি নেতা রেক্সোনা মজুমদার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!