২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে বাঙালি বিয়ের স্বাদ

দেশ ছেড়েছি বছর ছয়েক আগে। সে হিসাবে বলা চলে সাত বছরে পড়লো দীর্ঘ এই প্রবাস জীবন। কিন্তু এতদিনেও কারো বিয়ে খাওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোয়াজ্জেম হোসেন তারা, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 07:43 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

যদিও বছর দেড়েক আগে স্বল্প পরিচিত একজন তার বিয়ের দাওয়াত দিয়েছিলেন। আত্মসম্মানে বলিয়ান একজন বাঙালি হিসেবে স্বল্প পরিচিত ব্যক্তির বিয়েতে যাওয়া হয়নি। তাছাড়া লোকটির চালচলন কিংবা বিশ্বাসপরায়ণতাও অনেকটা নিয়ামকের ভূমিকা পালন করেছিল বলা চলে। তাই সে যাত্রায় বিয়ে খাওয়ার ইচ্ছে গোপন রাখতে নিজেকে একপ্রকার প্রবোধ দিয়েছিলাম। বিয়ে মসজিদে না হয়ে নিদেনপক্ষে হোটেল কিংবা বাসা-বাড়িতে হলে না হয় যাওয়া যেতো!

যা হোক, বছর দেড়েক পর আবারো একটা ফোনকল এসে নিজের ইচ্ছেকে জাগ্রত করল। এই প্রবাস জীবনে যে কয়জন আমাকে তাদের সহপাঠ্য মনে করে তার মধ্যে দোলন মাহমুদ অন্যতম। প্যারিসবাসী বাঙালি সম্প্রদায়ের মধ্যেও তার পরিচিত মন্দ না। ভদ্রলোক একসময় সাংবাদিকতায় জড়িত থাকলেও হলুদ সাংবাদিকতা কিংবা নিজেকে বেঁচে খাওয়া থেকে নিবৃত থাকতেই প্যারিস প্রেস ক্লাব থেকে পদত্যাগ করেছিলেন, ‘মাটি প্রডাকশন’ নামে একটা প্রডাকশন হাউজ চালু করেছিলেন।

এর প্রথমদিকে আমার উপস্থিতিও ছিল, কিন্তু নিজেকে কোথাও বন্দি রাখার অভিপ্রায় না থাকায় একপ্রকার আড়ালে চলে গেলেও বন্ধুত্বটুকু অমলিন। তাই যেকোনো কাজে প্রথমদিকে অধমকে স্মরণ করেন। তাই তার ফোনকল পেয়ে নিজের অবদমিত ইচ্ছেটা লাফ দিয়ে উঠলো এবং শত ব্যস্ততা থাকলেও তার বিয়েতে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখলাম।

বাঙালি বিয়ে বলে কথা, তা এই প্রবাসে হলেও আয়োজন বা জোগাড়ের কোন কমতি ছিল না। দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন ছিল। প্রথম দিন বুধবার গায়ে হলুদ, দ্বিতীয়দিন অর্থাৎ শনিবার বিয়ে। আর আমার দাওয়াত দু’দিনই। তার বিয়ের তত্ত্ব আওড়ানোও অধমকে দিতে পারলে খুশি হন, কিন্তু প্রবাসে কামলার জীবন কিংবা স্বঘোষিত প্রখ্যাত কবির (নামটা উহ্য রাখলাম) ভাষায় আরও ভাল করে বললে সেটা জুতোপলিশ করে খাওয়ার জীবন হওয়ায় সে দায়িত্ব থেকে মুক্তি নেওয়ায় বিশেষভাবে ক্ষমা চেয়ে নিলাম।

তবে শর্ত থাকলো গায়ে হলুদ এবং বিয়ের দিন নির্ধারিত সময়ে হাজির হতে হবে। তাছাড়া প্রবাসে বিয়ে বিধায় আপনজনের ঘাটতি কতটুকু তা মোটামুটিভাবে সবাই ওয়াকিবহাল। সেজন্য আমার উপস্থিতি বিশেষ প্রয়োজন বলে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন। তাই নিজের অপারগতা ঢাকতে সময়মত হাজির হব বলেই ওয়াদা দিতে হলো।

সপ্তাহখানেক পর নির্ধারিত গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেলেও সারারাত ডিউটি করে আসায় অধমের ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। সন্ধ্যা ছটার পরিবর্তে সাতটা বেজে যাওয়ায় নিজেকে প্রবোধ দিলাম আরেকটু আগে ঘুম ভাঙলে কি সমস্যা হতো? তাছাড়া নিজের বাসস্থান থেকে বিয়েরপর্ব কমপক্ষে ঘণ্টাখানেকের কম পথ হবে না, আবার রাতে সেই জুতোপলিশ করতে যাওয়া লাগবে বলে লেট লতিফ সাজতে আর ভাল লাগলো না। তাই আগামীকাল কাজ থেকে এসে আর ঘুমানো যাবো না বলে মনস্থির করলাম যাতে এবার সময়মত বিয়েতে হাজির হতে পারি।

আজ কাজ থেকে এসে ঘুমায়নি, পাছে সময়মত বিয়েতে হাজির হতে না পারি সেই ভয়ে। কিন্তু জেগে থাকতে থাকতে ঘুমিয়ে গেলাম এবং আধঘণ্টা পর জেগে দেখি সময় সমাগত। তাই চটজলদি পরিপাটি হয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলাম। কিন্তু অনুমাননির্ভর ঘণ্টা খানেকের পথ পৌঁছতে পৌঁছতে ঘণ্টা দেড়েক লেগে গেল। পৌঁছে দেখি তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই বাস থেকে নেমেই নতুন বর অর্থাৎ বন্ধুবর দোলন মাহমুদকে ফোন দিলাম।

কিন্তু বিধিবাম, তিনি ফোন রিসিভ করছেন না। অগত্যা গুগুল মামার সাহায্য নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আবারো কল দিলাম। বাসার অঙ্কিত নেমপ্লেট তালিকা দেখে পরিচিত পিটু নামটি দেখে আশ্বস্ত হলাম যে ঠিক জায়গায় পৌঁছে গেছি। এবার কয়েকবার কল দেবার পর নতুন জামাই কল ধরে বললেন, উপরে উঠে আসেন গেট খুলছি। বাইরের গেট খোলার পর সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি এলাহি কারবার। বিয়ে বাড়ি নতুন আমেজে মেতে উঠেছে এবং বরাবরের মতো লেট করে ফেলেছি। ফোন ধরতে না পারার কারণ তিনি মাত্রই কবুল বলে বৈবাহিক সম্মতি জ্ঞাপন করেছেন!

পাত্রের সঙ্গে কুলাকুলি করে নতুন বিয়েথা করার জন্য অভিনন্দন ও শুভ কামনা জানিয়ে বৈবাহিক জীবনে স্বাগতম জানালাম। ঘরভরা লোকজনের সঙ্গে পরিচয়পর্ব সেরে জানতে পারলাম সুদূর ইতালি থেকে পাত্রীর বড়ভাই ও তার একজন খালাতো ভাই এসেছেন। সেইসঙ্গে ফ্রান্স প্রবাসী আবৃত্তিশিল্পী ও লেখক রবিশংকর মৈত্রী, পুঁথিশিল্পী কাব্য কামরুল, বাউলশিল্পী আরিফ রানা, কণ্ঠশিল্পী নির্ঝর, ফটোগ্রাফার রাজু, ওয়াসী খন্দকার, জাকারিয়া মিঠু, নারায়ণগঞ্জ সমিতির মাসুদ ভাই, বাড়ির কর্তা পিটুভাই এবং তার ঘরণী কণ্ঠশিল্পী ফ্লোরা ভাবীসহ আরও অনেক সদ্য পরিচিত অতিথিতে গিজগিজ করছে।

মাসুদ ভাই, জাকারিয়া মিঠু, ফ্লোরা ভাবী ও কাব্য কামরুল ভাইয়ের স্ত্রী মিলে রান্নায় ব্যস্ত সময় পার করছে। তাদের আমন্ত্রণে রান্নাঘরে ঢুকেই সুবাসিত বাঙালি ভোজের চিরচেনা গন্ধে মন ভরে উঠলো। গতকাল অর্থাৎ গায়ে হলুদের দিন না আসায় সবার অভিযোগ অনুযোগে রূপ নিল। বুঝতে পারলাম গতকাল না আসাতে বড় অপরাধ করে ফেলেছি, তাই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে তাদের  সঙ্গে যোগ দিলাম। মানে তাদের রান্নাকরা সুস্বাদু খাবার পরখ করতে শুরু করে দিলাম।

প্রথমেই বিয়েবাড়ির জর্দাপোলাও যা চিরাচরিত বাঙালি বিয়েতে বিশেষ স্থান করে নিয়েছে মুখে পুরেই দেশকে অনুভব করতে লাগলাম। একেকটা খাবার মুখে পুরি আর আমার প্রিয় মাতৃভূমিকে গভীরতা দিয়ে অনুভব করে আহ্লাদিত হই। কী নেই সেখানে- জর্দাপোলাও, সাদা পোলাও, গরুর ভোনা, খাসি, মুরগির তান্দুরি, সালাদসহ বাঙালি বিয়েতে চিরাচরিত খাবারদাবারে ভরপুর। একেকটা আইটেম রান্না শেষ হয় আর আমি উদরপূর্তি করে সাবাড় করি।

রান্না শেষে জায়গার স্বল্পতা হেতু দলবেঁধে কয়েকপর্ব খাবার খেয়ে সবাই গল্পগুজবে মেতে উঠে। যার সিংহভাগ দেশের বর্তমান থেকে শুরু করে অতীত ও উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে কিংবা অগ্রগতি নিয়ে সমালোচনা ও আশাবাদের প্রতিচ্ছবি। বিদেশের যেখানেই বাঙালি পদচারণা পড়েছে সেখানেই দেশের আপামর চিত্র নিয়ে আলোচনা না করলে আমাদের যে পেট ভরে না তা আবারো মনে করিয়ে দিল আজকের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা পর্বে।

আসলে, এই বিদেশ বিভূঁইয়ে পড়ে থাকা মানুষগুলো মাতৃভাষা ও মাতৃভূমিকে কতটুকু অনুভব করে তারই প্রতিযোগিতা চলে আলাপের বিভিন্ন পর্যায়ে। আলাপ আলোচনার মাঝেই তুষারপাত শুরু হয়ে গেল যা আলোচনার গতিকে আরও বাড়িয়ে দিল। তুষারপতনের মুহূর্তকাল ধরে রাখতে কেউ মোবাইলে ফেইসবুক লাইভে গেল, আবার কেউ কেউ স্বদেশে অবস্থানরত প্রিয়জনকে সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখাতে ব্যস্ত হয়ে পড়লো।

একসময় তুষারপাত থামলেও আলোচনা যেন শেষ হওয়ার নয়। কিন্তু অধমের কাজ থাকায় সন্ধ্যার পর অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিয়ে চলে আসতে হল। গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও কাকভেজা হয়ে হাঁটতে হাঁটতে বাস স্টপেজ এসে কিছুক্ষণ পর বাস ধরে ট্রেন স্টেশন। তারপর ট্রেন থেকে নেমে ট্রাম ধরে বাসায় পৌঁছতে পৌঁছতে দেখি কাজে যাওয়ার সময় হয়ে গেছে। তাই কোনরকম হাতে-মুখে পানি ছিটিয়েই ভেজা পোশাকে কামলা খাটতে রওয়ানা হয়ে গেলাম।

আর পিছনটানে অনুভব করতে লাগলাম প্রবাসের বিয়ের আমেজে অনুপস্থিত কনেবউ, যে কিনা হাজার হাজার মাইল দূরে বসে অপেক্ষা করবে প্রিয়তম স্বামী ছুটিতে কখন আসবে, নতুন করে মেহেদি পরা হাতটা হাতে নিয়ে বলবে আজ সত্যিই জীবন সার্থক তোমার স্পর্শে। অথচ আজকের রাতটি তার একান্ত কাছে পাবার বাসরঘর হওয়ার কথা ছিল। কিন্তু এই প্রবাসে প্রিয়জনের ভালবাসার মতো বাসরঘরেও দূরত্ব সৃষ্টি করে রেখেছে। যেখানে একরাশ অভিমানের সঙ্গে ভালবাসারা নিভৃতে কাঁদে প্রিয়জনের অপেক্ষায়।

লেখক: ফ্রান্স প্রবাসী বাংলাদেশি

ইমেইল: m.tara006@yahoo.com

এই লেখকের আরও পড়ুন:

পথ হাজার, একটাই ‘ওয়াইন বাজার’

‘যে নগ্ন মূর্তির সৌন্দর্য বর্ণনার সাহস আমার নেই’

ধন্যবাদ ইউনেস্কো, অভিনন্দন প্রিয় বাংলাদেশ

প্যারিসের রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী কর্মসূচী ও নিজস্ব মত

ফ্রান্সের পথে-প্রান্তরে জন্মভূমির স্বাদ

কয়েন না ঢুকালে যে গোসলখানায় পানি পড়ে না

প্যারিসে প্রথম পা

দোভিলের সাগর ভ্রমণ ও উপরি পাওনা ট্রোভিল

ঘুরতে গিয়ে ফরাসি 'জামাই' পেলাম!

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!