২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে ‘স্বাধীনতা প্যারেড’

২০২১ সালে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে টানা ৬ বছরের কর্মসূচির তৃতীয় বছরের আয়োজন হিসেবে ‘স্বাধীনতা প্যারেড’ এর আয়োজন করেছে ‘মুক্তধারা ফাউন্ডেশন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 05:18 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

স্থানীয় সময় রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডাইভার্সিটি প্লাজা থেকে শুরু হয়ে কয়েকটি ব্লক ঘুরে এসে এ প্যারেড শেষ হয় ৭৭ স্ট্রিটের জুইশ সেন্টারের সামনে।

এতে অংশ নেন সেক্টর কমান্ডার সি আর দত্ত, একাত্তরের একদল মুক্তিযোদ্ধাসহ প্রবাসী বাংলাদশি ও তরুণরা। তাদের হাতে ছিল বাংলাদেশের পতাকা, কণ্ঠে মুক্তিযুদ্ধের শ্লোগান।

একইদিন মুক্তধারার উদ্যোগে জুইশ সেন্টারে মুক্তিযুদ্ধের ওয়েবসাইট ‘আমার একাত্তর’  উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নূরুন নবী। এতে মুক্তিযোদ্ধাদের স্বকণ্ঠ অভিজ্ঞতার বিবরণসহ ভিডিও সংরক্ষিত হবে।

অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল মনসুর খানকে সম্মাননা জানানো হয়। তাকে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে দেয় একদল শিশু।

এরপর নতুন প্রজন্মের আশরাফ আসিম, নাহরিন ইসলাম ও আবিবা ইমাম দ্যুতি মুক্তিযুদ্ধ বিষয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করে। ‘আমার একাত্তর’ শিরোনামে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা ফকির রহমান, আবদুল বাতেন ও আহসান উল্লাহ।   

দেশের গান পরিবেশন করেন শাহ মাহবুব। কবিতা আবৃত্তিতে অংশ নেন বাচিকশিল্পী আবীর আলমগীর, ক্লারা রোজারিও ও ফারুক আজম। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন তমিজ উদ্দিন লোদী, ফকির ইলিয়াস ও লুবনা কাইজার।

অনুষ্ঠানের শেষে পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী চঞ্চল খান।

অনুষ্ঠানটির বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন পারভীন সুলতানা, নাসরিন চৌধুরী ও রানু ফেরদৌস। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সেমন্তী ওয়াহেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!