২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে আ. লীগের সভা

একাত্তরের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসে আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর শাখা আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 04:06 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ‘সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শিরোনামে এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

সুব্রত তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, “উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থেকে। বিশ্বসভায় বাংলাদেশ এখন উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। এর চেয়ে সুখবর আর কী হতে পারে।”

সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান।

তিনি বলেন, “জাতীয় স্বার্থে প্রবাসীদের মধ্যে সৃষ্ট ঐক্যতানকে এগিয়ে নিতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ করা সহজ হবে। এক্ষেত্রে বঙ্গবন্ধুর সৈনিকদের অতন্দ্র প্রহরির ভূমিকায় অবতীর্ণ হতে হবে।”

আলোচনায় আরও অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, শিল্প সম্পাদক মিসবাহ আহমেদ, ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা খোরশেদ খন্দকার, জ্যেষ্ঠ সহ সভাপতি আবুল হুসেন, মাসুদ হোসেন সিরাজি, মোর্শেদা জামান, আব্দুল কাদের মিয়া, যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু ও সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলু।

নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, আলী হোসেন গজনবী, আমিনুল ইসলাম কলিন্স, আশরাফ আলী খান লিটন, মতিন পারভেজ ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতারা।

সভার সমাপনী বক্তব্যে সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “এবারের স্বাধীনতা দিবস এসেছে ভিন্ন প্রেক্ষাপটে। খুশির বারতা নিয়ে। একাত্তরে যে প্রত্যাশায় বঙ্গবন্ধুর নির্দেশে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো, ৪৭ বছর পর হলেও সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছেছে বাঙালিরা এবং এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্নদর্শী নেতৃত্বে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!