২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উদযাপনে ব্রিটিশ এমপিরা

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যদের (এমপি) নিয়ে বাংলাদেশের স্বাধীনতার ৪৭তম বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। 

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 01:48 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

মঙ্গলবার হাউস অব কমন্সে দি টেরেস প্যাভিলিয়নে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড এমপি অংশ নেন।

এছাড়া যুক্তরাজ্যের সরকারি দল কনজারভেটিভ পার্টি, বিরোধী দল লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির অর্ধ-শতাধিক ব্রিটিশ এমপি অনুষ্ঠানে যোগ দেন। তাদের মধ্যে ৬৩ জন অনুষ্ঠানের উপস্থিতি বইয়ে স্বাক্ষর করেন। 

স্বাগত বক্তব্যে লেবার পার্টির এমপি জিম ফিজপেট্রিক বলেন, “স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যে সংখ্যক এমপি এসেছেন, অন্য কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এমনটি আর ঘটেনি। স্বাধীনতার সূচনা থেকে বাংলাদেশ ব্রিটেনের ঘনিষ্ঠ বন্ধু।”

অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, “কক্সবাজারের মতো একটি জনবহুল এলাকার মানুষ নিজেদের কষ্ট অগ্রাহ্য করে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে সরকারকে সহযোগিতার মাধ্যমে প্রমাণ করেছে যে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র।”

বাংলাদেশ সৃষ্টির পেছনে জাতির জনক বঙ্গবন্ধুর ‘দূরদর্শী নেতৃত্ব বিশ্ব সভায় সমাদৃত’ বলে মন্তব্য করেন কনজারভেটিভ পার্টির এই এমপি।

তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশটির চলমান গণতন্ত্র আরও সমৃদ্ধ হবে।”

সরকারদলীয় আরেক এমপি অ্যান মেইন বলেন, “মাত্র ৪৭ বছরে বাংলাদেশ যে উন্নয়ন করেছে, তা সত্যিই অকল্পনীয়। শেখ হাসিনার ভূমিকার স্বীকৃতি দেওয়া উচিত। সারা বিশ্বকে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তাদের সক্ষমতা।”

এডিনবরার বাংলাদেশি কমিউনিটির প্রশংসার পাশাপাশি ব্রিটেনে বাংলাদেশিদের অভিভাবসন জটিলতার কথা তুলে ধরেন স্কটিশ ন্যাশনাল পার্টির এমপি জোয়ানা চেরি।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জনগণ ও সরকারের মানবিক ভূমিকার প্রশংসা করেন স্টিভেন স্টিংস এমপি।

বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করে লিস ম্যাকানিজ এমপি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সেটা আবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হওয়ার পর লন্ডন হয়ে দেশে ফেরার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডোয়ার্ড হিথের  ভূমিকার কথা স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার।

রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন বলেন, “দেশ এখন জাতির জনকের কন্যার নেতৃত্বে এগিয়ে চলছে। এই অগ্রযাত্রায়  ব্রিটেনের সাথে আমাদের সম্পর্ক আরও জোরদার হবে। জিম ফিজপেট্রিক মুক্তিযুদ্ধ থেকে শুরু থেকে এখনও আমাদের পাশে আছেন।”

অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে দুটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেখানো হয়। দেশাত্মবোধক গানের সাথে নাচ পরিবেশন করা হয় অনুষ্ঠানে।

এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ এমপিদের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও কারাগারের রোজনামচার ইংরেজি সংস্করণসহ বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন পরিসংখ্যান সম্বলিত তথ্য তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্রিটিশ এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যাডো সেক্রেটারি অব স্টেট ডেভি আব্রাহাম, পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি মাইক্যাল এলিজ, শ্যাডো মিনিস্টার চি অনুরাহ, শ্যাডো লিডার অব দ্য হাউজ অফ কমন্স ভ্যালেরি ভাজ, শ্যাডো সেক্রেটারি অব স্টেট জনথন আশওয়ার্থ, শ্যাডো মিনিস্টার জুলিয়ে কুপার, শ্যাডো মিনিস্টার ফ্যাবিয়ান হ্যামিল্টন ও শ্যাডো চ্যান্সেলার অব এক্সচেকার জন ম্যাকডনাল।

অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, সৈয়দ মোজাম্মেল আলী, মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ, মাসুক ইবনে আনিস, রবিন পাল, সারব আলী, আসম মিসবাহ ও মেহের নিগার চৌধুরী।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সঙ্গীতা আহমেদ ও সৈয়দা সায়মা আহমদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!