২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাস ও কিয়ংহি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 12:16 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

রোববার সিউলের ইয়ংইনে অবস্থিত কিয়ংহি বিশ্ববিদ্যালয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের  মাধ্যমে দিবসটির অনুষ্ঠান শুরু করা হয়।  এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে।

সূচনা বক্তব্যে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) দিবসটির প্রেক্ষাপট ও আন্তর্জাতিক অঙ্গনে এর স্বীকৃতির বিষয়ে আলোকপাত করেন।

এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পড়ে শোনানো হয়। এরপর ২৫ মার্চের কালরাতের ওপর নির্মিত ‘টেল অব দা ডার্কেস্ট নাইট’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। 

গণহত্যা দিবসের পটভূমি ও তাৎপর্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সভায় কিয়ংহি বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ইয়ং-জে মুন জানান, ১৯৭১ সালে বাংলাদেশে এমন ভয়াবহ গণহত্যা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। অনুষ্ঠানে এসে তিনি বাংলাদেশের গণহত্যা সম্পর্কে ধারণা পেলেন। 

একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চুং স্যন হং তার বক্তব্যে বাংলাদেশ এবং কোরিয়ার ইতিহাসের সাদৃশ্যের দিকটি তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাউন্সেলর মাসুদ রানা চৌধুরী, রুহুল আমিন (প্রথম সচিব) ও জাহিদুল ইসলাম ভূঁইয়া ( প্রথম সচিব শ্রম)।

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও নির্যাতিতা দুই লক্ষ মা-বোনের  প্রতি শ্রদ্ধা জানান। তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের গণহত্যা সম্পর্কিত আন্তর্জাতিক গণমাধ্যমের যেসব সংবাদ বিশ্ব মতামতকে প্রভাবিত করেছিল, সে বিষয়গুলো তুলে ধরেন।

এছাড়া গণহত্যা দিবস সম্পর্কে  সচেতনতা তৈরির জন্য দূতাবাসের পক্ষ থেকে একাত্তরের গণহত্যার কিছু স্থিরচিত্র প্রদর্শন করা হয়। গণহত্যার উপর ‘বাংলাদেশ জেনোসাইড রিভিজিটেড’ শীর্ষক পুস্তিকাটির কপি উপস্থিত অতিথিদের মাঝে বিতরণ করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!