ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস পালন
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনে উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবস।
সোমবার স্থানীয় সময় ৭টার দিকে বাংলাদেশের সাথে মিল রেখে জাতীয় সঙ্গীত গেয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
এরপর দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
বিকালে আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাঠানো বাণীগুলো পাঠ করেন যথাক্রমে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, হেড অব চ্যান্সরি হজরত আলী খান, কমার্শিয়াল কাউন্সিলর মিস দিলারা বেগম ও প্রথম সচিব আনিশা আর আমিন।
অনুষ্ঠান পরিচালনা করেন দ্বিতীয় সচিব নির্ঝর অধিকারী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জামিলুর ইসলাম।
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বলেন, “স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রথম ধাপ অতিক্রম করেছে এবং উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি লাভ করেছে।”
বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে দৃঢ় করতে সক্ষম হয়েছে বলে তিনি সকল প্রবাসী নাগরিককে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
