২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনিসুল হক, অস্ট্রিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 10:58 AM

Updated : 11 Oct 2022, 12:14 PM

সোমবার ভিয়েনার হউফসাইলে বাংলাদেশ দূতালয়ে স্থানীয় সময় ভোর ৪টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু করেন রাষ্ট্রদূত মো.আবু জাফর।

এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ও জাতীয় পতাকা  উত্তোলন শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর ‘মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাষ্ট্রদূত আবু জাফরের সভাপতিত্বে। সঞ্চালনায় করেন কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান রাহাত বিন জামান।

এ সময় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠনে বক্তব্য দেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মিনহাজুর রহমান, রুহী দাস সাহা, নয়ন হোসেন, সিরাজ চৌধুরী, রবিন মো.আলী, বখতিয়ার রানা, মনোয়ার পারভেজ, ইমরুল কায়েস, মাহাবুব খান শামীম, জান্নাতুল ফরহাদ, মিষ্টি বেগম, মোসারফ হোসেন ও ইয়াসিম মিয়া।

রাষ্ট্রদূত আবু জাফর তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করেন। বাংলাদেশ সৃষ্টির জন্য ১৯৭১ সালে যারা আত্মত্যাগ স্বীকার করেছিলেন, তিনি তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সুখী ও সমৃদ্ধিশালী ডিজিটাল সোনার বাংলা বাস্তবায়নে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

এম. নজরুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক মুক্তির পথে সফলভাবে এগিয়ে যাচ্ছে। তার প্রমাণ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।”

অনুষ্ঠনে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের সহকারী কনস্যুলার জুবায়দুল হক চৌধুরী।

দ্বিতীয় পর্বে ‘ভিয়েনা মারিয়ট’হোটেলের বলরুমে সন্ধ্যায় ৬টায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ পর্বের অনুষ্ঠনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সির ডিরেক্টর জেনারেল উকিয়া আমানো, ইউনাইটেড ন্যাশনস ইন্ডাসট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল লি ইয়গ, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশনের নির্বাহী সচিব মি. লাসিনা জেরবোসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে ভিয়েনায় জাতিসংঘ সদর দপ্তরে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, জাতিসংঘে নিযুক্ত ৫০টি দেশের স্থায়ী প্রতিনিধি, ৮০টি দেশের রাষ্ট্রদূতসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন  সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম,  অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির ও অস্ট্রিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মিজানুর রহমান খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সিনিয়র আন্তর্জাতিক বিশেষজ্ঞ কাশফিয়া মনসুর, জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক সংস্থার কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, ওপেক-এর কর্মকর্তা রুহুল আমিন, এমরান ফারুক ও মিনহাজুর রহমান।

এ সময় বাংলাদেশ ও অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সবংর্ধনা  অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো.আবু জাফর স্বাগত বক্তব্যে বাংলাদেশ-অস্ট্রিয়ার সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে আগামী দিনে দুই দেশের সম্পর্ক  আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ, বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা ও অর্জন সম্পর্কে আলোকপাত করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!