ব্রুনাইয়ে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস
একাত্তরের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় সোমবার সকালে দেশটির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রদূত মাহমুদ হোসেন দিনের কর্মসূচি শুরু করেন বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একই দিন সন্ধ্যায় দিবসটি উপলক্ষে বন্দর সেরি বেগাওয়ানের এ্যাম্পায়ার হোটেলের ইন্দিরা সমুদ্র মিলনায়তনে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রুনাইয়ের জ্বালানি ও শিল্পমন্ত্রী আওয়াং হাজি মাত সানি বিন হাজি মোহাম্মদ হোসেইন।
সাংস্কৃতিক আয়োজনে নাচ পরিবেশন করে বাংলাদেশ থেকে আসা আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে ‘সৃষ্টি কালচারাল সেন্টার’। গান শোনান সঙ্গীতশিল্পী স্বপ্নিল সজিব।
অনুষ্ঠানে ব্রুনাইয়ে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, ব্রুনাইয়ের পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবি, শিক্ষাবিদ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
