যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সমাবেশ
স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ সমাবেশের কার্যক্রম শুরু হয় জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে।
এ সময় ‘বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হবার যোগ্যতা অর্জন এবং রাজনীতির নামে সহিংসতা’ শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন বলেন, “শত ব্যস্ততার মধ্যেও হৃদয়ে একখণ্ড বাংলাদেশ লালনের পাশাপাশি সন্তানদের বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার মধ্য দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করে চলেছেন আপনারা। এভাবেই বহুজাতিক এ সমাজে বাঙালিত্ব মহিমান্বিত হবে, বাংলাদেশের ইমেজ আরও উজ্জ্বল হবে।”
তিনি আরও বলেন, “অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের চলমান কার্যক্রম অব্যাহত রাখতে প্রবাসীদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে স্বাধীনতাবিরোধী চক্রের যে কোনো অপতৎপরতা রুখে দিতে।”
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন কাদেরিয়া বাহিনীর থার্ড ইন কমান্ড নূরন্নবী। মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে বক্তব্য উপস্থাপন করেন সুদীপ।
এ সময় সমাবেশ স্থলে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ কনস্যুলেট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগ, সিরাজগঞ্জ সমিতি, সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা।
ফোরামের কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি রেজাউল বারি, সহ-সভাপতি শহীদ হাসান, নির্বাহী সদস্য লাবলু আনসার, শুভ রায়, কানু দত্ত ও শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের শিল্পীরা সমবেত কণ্ঠে দেশের গান পরিবেশন করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
