আয়ারল্যান্ডে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালিত
গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আয়ারল্যান্ড আওয়ামী লীগ।
সোমবার কাউন্টি কর্কে ‘জুরিস ইন’ হোটেলে এ সভার আয়োজন করে সংগঠনটি।
শুরুতে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আয়ারল্যান্ড স্বেচ্ছাসেবকলীগ প্রধান তৌহিদ হাসান ও আয়ারল্যান্ড ছাত্রলীগের সভাপতি নোমান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্যায়ে বক্তব্য দেন ডাবলিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলক সরকার।
তিনি বলেন, “১৯৭১ সালে আমাদের নৈতিক আন্দোলন দমনের নামে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী, যার স্বীকৃতি আমাদের এখনও মেলেনি।”
আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বলে উল্লেখ করেন ডাবলিন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন।
আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিক খান বলেন, “কোথাকার কোন অখ্যাত চ্যারিটি সংগঠনের দ্বারা জরিপের ফলাফল ঢালাওভাবে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। সকল কর্মীকে ধৈর্যের সাথে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”
আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব কিবরিয়া হায়দার বলেন, “পাকিস্তানিরা ভেবেছিলো গণহত্যা চালিয়ে আমাদের সকল দাবি-দাওয়া তারা বুটের তলায় দাবিয়ে রাখবে। কিন্তু ওরা বোঝেনি আমাদের একজন শেখ মুজিব আছেন, যিনি আমাদের হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে এসেছেন।”
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে কর্ক আওয়ামী লীগের সভাপতি জনাব ফয়জুল্লাহ শিকদার বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে আজকে আয়ারল্যান্ড আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং আমাদের একটি সম্মেলন করতে হবে, যেন বাংলাদেশের নির্বাচনে সম্মিলিতভাবে অবদান রাখা যায়।”
এ সময় সভায় উপস্থিত বিভিন্ন জনের মতামতের ভিত্তিতে এই বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের আয়োজনের কথা বলা হয়।
এছাড়া স্বাধীনতা দিবসকে সামনে রেখে অনুষ্ঠানে আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া হায়দার ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের ওয়েবসাইট www.irelandawamileague.com উদ্বোধন করেন।
ওয়েবসাইট তৈরিতে সাহায্যকারী অলক সরকার বলেন, “এখানে আয়ারল্যান্ড আওয়ামী লীগের সকল ধরনের খবর সন্নিবেশিত করা হবে।”
এছাড়া আরও বক্তব্য দেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি কামরুজ্জামান নান্না, রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজিমুল হোসেন আজিম, কমিউনিটি ব্যক্তিত্ত্ব জামাল বাসির, আয়ারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিজানুর রহমান, কমিউনিটির আলী ঝিনুক ও কর্ক আওয়ামী লীগের রাদিন খান।
সভায় আরও উপস্থিত ছিলেন ডাবলিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমীর কুমার, সিনিয়র সহ-সভাপতি জসিম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক রুমন, সদস্য শফিকুল ইসলাম, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম অরণ্য, আওয়ামী লীগের কাউন্টি খিলডেয়ারের সভাপতি মিজানুর রহমান ও কাউন্টি গলওয়ের সাধারণ সম্পাদক সামীর জসিম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
