২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস পালিত

একাত্তরের শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবস পালন করেছে জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 04:53 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

স্থানীয় সময় সোমবার সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত ও  মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

পরে টোকিওর এক স্থানীয় হোটেলে জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাপানের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাজুইকি নাকানে, বিশেষ অতিথি ছিলেন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের মহাসচিব ও সংসদ সদস্য ইচিরো সুকুদা।

প্রধান অতিথি কাজুইকি নাকানে জাপান-বাংলাদেশের ৪৫ বছরের বন্ধুত্বের কথা উল্লেখ করে স্বাধীনতা দিবস উপলক্ষে জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান।                 

মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ায় তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

এছাড়া ইচিরো সুকুদা জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর শুভেচ্ছা বাণী পড়ে শুনান।

পরে রাষ্ট্রদূত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়া, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ, বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা ও অর্জন ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের জন্য আলাদা একটি সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জাপানের স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!