২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে গণহত্যা দিবস পালন

যুক্তরাষ্ট্রে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 12:03 PM

Updated : 25 Jul 2022, 08:31 PM

রোববার বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার শিকার মানুষদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ অব বাংলাদেশ লিবারেশন ওয়ার পুরস্কারপ্রাপ্ত মার্কিন মনোবিজ্ঞানী ডেভিড নালিন ও একই পুরস্কারপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী ডেভিড উইচবোর্ড, কসোভোর কনসাল জেনারেল রাষ্ট্রদূত টেউটা সাহাতকুইজা ও ভারতের কনসাল জেনারেল রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী।

এছাড়া আরও ছিলেন যুক্তরাষ্ট্রের ব্রিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ম্যাক্সিম এ. পেন্সকি ও নাদিয়া রুবাই, নিউ ইয়র্ক স্টেট সিনেটে জ্যাকসন হাইটের কলম্বিয়া-আমেরিকান প্রার্থী ও নিউ ইয়র্ক ডেপুটি মেয়রের সাবেক অ্যাডভাইজর জ্যাসিকা র‌্যামস, ওয়ার্ল্ড ইয়ুথ অ্যালায়েন্সের সভাপতি লর্ড লিওমার বি.প্রম্পিরাডাসহ বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বের কাছে নৈতিকভাবে ও রাজনৈতিকভাবে হেরে গিয়ে তৎকালীন পাকিস্তান সামরিক সরকার বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যা চালিয়েছিল।”

কসোভোতে সংঘটিত গণহত্যার মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরে কসোভোর কনসাল জেনারেল রাষ্ট্রদূত টেউটা সাহাতকুইজা বলেন, “অবশ্যই গণহত্যার সেই ভয়াবাহ ঘটনাগুলোকে আমাদের স্মরণ রাখতে হবে। এমন গণহত্যার যেন আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

ভারতের কনসাল জেনারেল রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, “আজ  থেকে ৪৭ বছর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশে যে বর্বরতম গণহত্যা সংঘটিত করেছিল, আমি সেই বেদনাদায়ক ঘটনা স্মরণ করছি এবং আজকের এই অনুষ্ঠানের সাথে সংহতি প্রকাশ করেছি।”

ব্রিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ম্যাক্সিম এ.পেন্সকি বলেন, “গণহত্যা দিবস পালন শুধু বাংলাদেশের জন্যই নয়, এটি বিশ্বের সকল নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ২৫ মার্চে অপারেশন সার্চ লাইটের নামে বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিভৎস কাহিনীকে সকলেরই মনে রাখা উচিত।”

ডেভিড নালিন ১৯৭১ সালের ২৫ মার্চ সংঘটিত গণহত্যা, মুক্তিযুদ্ধের শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন এবং সেই সময় তাঁর বাংলাদেশে অবস্থানকালীন ভয়াবহ গণহত্যা নিজ চোখে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গাদের জাতিগত নিধন ও গণহত্যার কথাও উল্লেখ করেন। রোহিঙ্গাদের মানবিক সহয়তা দেওয়ার জন্য তিনি বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “জাতির পিতাকে যদি ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করা না হতো, তাহলে অনেক আগেই দেশে ১৯৭১ সালের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করা যেত।”

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মো.শামীম আহসান “বাংলাদেশে সংঘটিত ১৯৭১ সালের গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়া সময়ের দাবি” বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!