২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 11:52 AM

Updated : 11 Oct 2022, 12:13 PM

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলমের সাথে এক বৈঠকে বাংলাদেশের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব গুতেরেজ।

এ সময় এলডিসি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণে বাংলাদেশের প্রয়াসের প্রশংসা করেন মহাসচিব।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে একাত্মতা পোষণ করেন এবং রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

মহাসচিব জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সাথে নিজ বাসভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ। এর সমাধানে তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন। দ্রুততার সাথে বিশেষ দূত নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও প্রতিমন্ত্রীকে জানান মহাসচিব।

বৈঠকে রোহিঙ্গা সঙ্কট বিষয়ে জোরালো ভূমিকা রাখার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নিয়োগের প্রক্রিয়াটি তরান্বিত করার জন্য তিনি মহাসচিবকে অনুরোধ জানান এবং মহাসচিবকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আন্তর্জাতিক পানি দশকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

একইদিন জাতিসংঘের সন্ত্রাস দমন কার্যালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভের সাথেও বৈঠক করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠককালে জাতিসংঘের সন্ত্রাস দমন সংস্থা বাংলাদেশকে জোরালো যে সহযোগিতা দিয়ে যাচ্ছে, সেজন্য আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ এবং জাতিসংঘের সন্ত্রাস দমন বিভাগের সহযোগিতাকে ‘উদাহরণ সৃষ্টিকারী’ বলে উল্লেখ করেন। তিনি সন্ত্রাস দমন বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া প্রতিমন্ত্রী জাতিসংঘে আজারবাইজানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইয়াসার টি.আলিয়েভের সাথে দ্বি-পাক্ষিক ও বহু-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!