জর্জিয়া আ. লীগের সম্মেলনে কোন্দল, মধ্যরাতে কমিটি
যুক্তরাষ্ট্রে জর্জিয়া অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের কোন্দলের পর অবশেষে কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
স্থানীয় সময় রোববার মধ্যরাতে জর্জিয়ায় আটলান্টার হ্যাম্পটন ইন হোটেলে এ কমিটি ঘোষণা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
হুমায়ূন কবির কাওসারকে সভাপতি ও মাহমুদ রহমানকে সাধারণ সম্পাদক করে ঘোষিত এ কমিটির অন্য নেতারা হলেন সহ সভাপতি এ এইচ রাসেল, সহ সভাপতি সৈয়দ মুরাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ।
সম্মেলনের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় দেখতে চায় দেশবাসী। তাই দেশে-প্রবাসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের একযোগে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আটলান্টা প্রবাসী মুহাম্মদ আলী মানিক বলেন, “দীর্ঘদিন ধরে জর্জিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছিল, আজ সম্মেলনের মধ্য দিয়ে সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে সফল করতে জেগে উঠেছে। কাজেই আর কোন বিভেদ নয়, এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে।”
জর্জিয়া আওয়ামী লীগের বিদায়ী সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও বিদায়ী সাধারণ সম্পাদক মাহমুদ রহমান সম্মেলনে অংশ নেওয়ার জন্য অতিথিদের ধন্যবাদ জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
