নিউ ইয়র্কে ‘নতুন বইয়ের গন্ধ’
এবারের একুশে বইমেলায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী লেখকদের প্রকাশিত বই নিয়ে আয়োজিত হয়েছে বইবিষয়ক অনুষ্ঠান ‘নতুন বইয়ের গন্ধ’।
স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের মুক্তধারায় আয়োজনটির মূল উদ্যোক্তা ছিলেন ছড়াকার মনজুর কাদের।
অমর একুশে বইমেলা মানেই বাঙালি জীবনে ভিন্ন কিছু। নতুন বইয়ের গন্ধ আর রঙিন প্রচ্ছদে ভরে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। কিন্তু সুদূর প্রবাস থেকে সেই মমতামাখা ভালোবাসার সামান্যই অনুভব করা যায়।
তখন প্রাণের ভাষা আর বইমেলার টানে অনেকে অবশ্য ছুটে যান দেশে। কিন্তু প্রবাসের জীবনের কঠিন বাস্তবতায় অনেকে আবার যেতেও পারেন না। তারা টেলিভিশন দেখে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা বইমেলার অনুভূতি টের পাবার চেষ্টা করেন।
নতুন বইয়ের গন্ধ বুক ভরে টেনে নেওয়ার সেকি অপেক্ষা! কিন্তু অনেক ক্ষেত্রেই সেই অপেক্ষা হয়ে ওঠে অনেক দীর্ঘ। এরপরও অক্লান্ত লেখকেরা লিখে যান। এতটুকু মন খারাপ করেন না।
তবে এবার ভিন্ন একটি ঘটনাই ঘটে গেছে নিউ ইয়র্কে। ‘নতুন বইয়ের গন্ধ’ শিরোনামে এ অনুষ্ঠানের লেখকদের অনেকে ইতোমধ্যে প্রতিষ্ঠিত। কারো কারো একাধিক বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়।
আর এসব বইয়ের বেশ কিছু বইমেলা থেকে পরম মমতায় নিউ ইয়র্কে বয়ে এনেছেন মনজুর কাদের। পরে ‘নতুন বইয়ের গন্ধ’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় সেইসব কৃতি লেখকদের। নতুন বইয়ের গন্ধ বিনিময় করেন সবাই। অনাড়ম্বর অনুষ্ঠানে লেখকদের হাতে তাদের লেখা বই তুলে দেওয়া হয়।
এসময় সেখানে একটি আনন্দঘন পরিবেশের তৈরি হয়। চমৎকার একটি সন্ধ্যায় অন্যরকম একটি গল্প তৈরি হয়। বাস্তবের এ গল্প সবার স্মৃতিতে থাকবে অনেকদিন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
