ইতালিতে নারী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা
ইতালিতে বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রোমের তরপিনাত্তারা সুন্দরবন রেস্তোরাঁর হলরুমে মহিলা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নব নির্বাচিত সভাপতি লায়লা শাহ এবং যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস ইতালির প্রথম সচিব ইরিন জুলি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফাহমিদা সুলতানা লিপি ও মহিলা সংস্থা ইতালির সিনিয়র সহ সভাপতি সানজিদা আহমেদ ববি।
প্রধান অতিথি আবদুস সোবহান সিকদার বলেন, “নারী দিবস নারীর সমান অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে একটি মাইলফলক। নারীর প্রতি সকল সহিংসতা, নিপীড়ন, বৈষম্য দূর করার জন্য নতুন শপথ নেবার দিন নারী দিবস।”
বক্তব্য শেষে মহিলা সমাজ কল্যাণ সমিতির নতুন কমিটিতে শুভেচ্ছা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয় ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার ও প্রচার সম্পাদক রবিন খান।
একুশের বইমেলায় কাব্য পথিক পুরস্কারপ্রাপ্ত আইরিন আসাদ ও মিনু আহমেদকে মহিলা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে ইতালির সামাজিক সংগঠন বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সভাপতি কাজী মনসুর আহমদ শিপু, অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, ইতালি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, কমিউনিটির আব্দুর রশীদ, জালাল আহমেদ মন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক সন্ধ্যায় ইতালি প্রবাসী বাংলাদেশি শিল্পী তাহের ইসলাম, সেলিম উদ্দিনসহ আরও অনেকে গান পরিবেশন করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
