২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ভার্ডে ‘বাংলাদেশ জাগছে’ শীর্ষক সেমিনার মে মাসে

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ জাগছে’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে মে মাসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 11:07 AM

Updated : 19 Aug 2022, 01:44 PM

১২ মে শনিবার বাংলাদেশ নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের নীতি-নির্ধারক ছাড়াও এ সেমিনারের বিভিন্ন পর্বে বক্তব্য দেবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ও প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী-বিনিয়োগকারীরা।

বস্টনভিত্তিক থিঙ্কট্যাংক ‘আইএসডিআই’ তথা ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট’ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করবে।

আইএসডিআই’র নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফ বলেন, “২০১২ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশের উন্নয়ন-সম্ভাবনা এবং সমস্যার আলোকে এ ধরনের একটি করে সেমিনার করছি আমরা। সে আলোকে এবারের সেমিনারে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রগতি এবং উন্নত বাংলাদেশ রচনায় শেখ হাসিনার যে ভিশন, তার সম্ভাবনা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন অংশগ্রহণকারীরা।”

ইকবাল ইউসুফ আরও উল্লেখ করেন, এসব উন্নয়নের ক্ষেত্রে কী ধরনের সমস্যার আশংকা রয়েছে এবং কী ধরনের পরিস্থিতি বিরাজমান থাকলে স্বপ্নের সোনার বাংলা হাতের মুঠোয় আনা সম্ভব-সে সব মতামতও উপস্থাপিত হবে আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্য থেকে।

এ সেমিনারের আয়োজক কমিটির চেয়ারম্যান হচ্ছেন হার্ভার্ড কেনেডি স্কুলের সাবেক ফেলো ও এমআইটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল কাদির। সমন্বয় করছেন যৌথভাবে হার্ভার্ডের শিক্ষার্থী শাম্মী কুদ্দুস ও রাফাতে মাহবুব।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!