যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিনেটর পদে লড়বেন বাংলাদেশি চন্দন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার ডিসট্রিক্ট-৫ থেকে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন নিয়ে সিনেটর পদে প্রার্থী হয়েছেন মূলধারার রাজনীতিবিদ বাংলাদেশি-আমেরিকান শেখ রহমান চন্দন।
শেখ রহমান নির্বাচিত হলে তিনিই হবেন জর্জিয়া স্টেট সিনেট নামের এই রাজ্যের আইন প্রণয়নকারী প্রতিনিধি পরিষদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক।
আগামী ২২ মে তারিখে ওই আসনে গুইনেট কাউন্টির নরক্রস, লিলবার্ন ও লরেন্সভিল শহরের ভোটারদের অংশগ্রহণে সরাসরি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সময় মঙ্গলবার রাজ্য সরকারের প্রশাসনিক ভবন ডাউন টাউনের জর্জিয়া স্টেট ক্যাপিটাল ভবনে প্রয়োজনীয় কাগজপত্রাদির প্রক্রিয়া শেষে সিনেটর প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে মনোনয়ন লাভের যোগ্যতা অর্জন করেন চন্দন।
প্রার্থিতা পদ নিশ্চিত হওয়ার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে জর্জিয়ার সকল মূলধারার ভোটারসহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী বিশেষ করে এশিয়ান, ভারতীয় ও বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ইমেইলে।
তাঁর বিলিকৃত ইমেইল ও সামাজিক মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে চন্দন আমেরিকার মাটিতে নাগরিক অধিকার নিয়ে নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয়ে তাকে ভোট দেয়ার মাধ্যমে স্বপ্ন পূরণের অগ্রযাত্রায় সকল বাংলাদেশি তথা এশিয়ানদের এগিয়ে আসার আহ্বান জানান।
নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে মেডিকেইড কর্মসূচি বৃদ্ধির প্রতিশ্রুতিসহ হেলথ কেয়ার ইনস্যুরেন্সকে আরও গ্রহণযোগ্য করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন শেখ রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা লাভের জন্যে আরও অধিকহারে সুযোগ সৃষ্টির দিকে তিনি নজর দেবেন বলে জানান।
চন্দন তার ইমেইল বার্তয় মূলধারার নাগরিকদেরকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ডেমোক্র্যাটিক দলের ভোটাররা নির্বাচনী কেন্দ্রে ১০০ ভাগ একযোগে ভোট দিতে গেলে ট্রাম্পের জয়লাভ করা সম্ভব ছিলনা।”
শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, খয়েরী সকল ভেদাভেদ ভুলে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার ব্যাপারে এখনই ক্যালেন্ডারের পাতায় দাগ কেটে রাখার অনুরোধ জানান এই প্রার্থী।
“আজ সেই স্বপ্ন পূরণের পথকে মসৃণ করে তোলার প্রক্রিয়ায় স্টেট সিনেটর পদে মনোনয়ন পেয়েছি। এখন মূলধারার ভোটারদের পাশাপাশি আমাদের নিজস্ব অভিবাসী ভোটগুলোও নিশ্চিত করতে সকল অভিবাসী নাগরিকদের এগিয়ে আসতে হবে।”
শেখ রহমান চন্দন গত বছর ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলনে জাতীয় কমিটিতে প্রথম বাংলাদেশি কার্যকরী সদস্য নির্বাচিত হন এবং মূলধারার রাজনীতিতে অনেকের কাছেই অনায়াসে গ্রহণযোগ্য নেতা হিসেবে আলোচিত ব্যক্তিতে পরিণত হন।
এর আগে ২০১২ সালে তিনি জর্জিয়া রাজ্যের সাধারণ প্রতিনিধি পরিষদের প্রতিনিধি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বপ্রথম পত্র-পত্রিকা ও মিডিয়াতে শিরোনাম হন।
স্ত্রী, এক কন্যা ও এক পুত্র নিয়ে আটলান্টায় বসবাসকারী চন্দনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
